গ্রীণ ভিউ গলফ রিসোর্টে থাকা ৫০টি চিত্রা হরিণের নতুন ঠিকানা হয়েছে গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে।
রবিবার (১০ মার্চ) দুপুর ১টার দিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে হরিণগুলো হস্তান্তর করা হয়।
গ্রিন ভিউ গলফ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফকির মনিরুজ্জামানের পক্ষে এগুলো হস্তান্তর করেন তার চার দৌহিত্র। আর ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) শারমিন আক্তার হরিণগুলো গ্রহণ করেন।

গ্রিন ভিউ গলফ রিসোর্টের ভূমি উপদেষ্টা বুলবুল ইসলাম জানান, প্রায় এক যুগের বেশি সময় ধরে সরকারি বিধি ও বিধান মেনে হরিণ পালন করছে গ্রীণ ভিউ গলফ রিসোর্ট। সঠিক পরিচর্যা ও পরিবেশ অনূকুল থাকায় হরিণগুলো দ্রুত বংশ বৃদ্ধি করে।
তিনি বলেন, “সাফারি পার্কের দর্শনার্থীর কথা চিন্তা করে ২০২৩ সালের ২৪ আগস্ট বেশ কিছু হরিণ সাফারি পার্কে দেওয়ার জন্য বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরে আবেদন করা হয়। সেপ্টেম্বরে সেই অনুমতি মেলে। সাফারি পার্কের দর্শনার্থীর কথা চিন্তা করে ছোট-বড় ৫০ টি হরিণ ওই পার্কে দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “গ্রিন ভিউ গলফ রিসোর্টের সৌজন্যে এসব হরিণ দেওয়া হয়েছে। এতে অনেকে উৎসাহিত হবেন। হরিণগুলোর মূল্য প্রায় এক কোটি টাকা।”

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “রিসোর্টে থাকা অবস্থায় হরিণগুলো নির্দিষ্ট একটি বেষ্টনীর মধ্যে ছিল। এখন উন্মুক্ত স্থানে থাকবে। ১৫ দিন কোয়ারেন্টাইনের শেডে রেখে দেখবো, রোগবালাই আছে কিনা। তারপর পার্কের উন্মুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হবে। সেখানে হরিণগুলো বিচরণ করবে, দর্শনার্থীরা দেখবে। এটি যারা দিয়েছেন তাদের জন্য যেমন সম্মানের আমাদের জন্যও আনন্দের।”
ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার বলেন, “হরিণ দ্রুত প্রজননক্ষম প্রাণী। হরিণের বংশবিস্তার বেশি। গ্রিন ভিউ গলফ রিসোর্ট কর্তৃপক্ষ কোথাও বিক্রি বা দান না করে তাদের পালিত অতিরিক্ত হরিণগুলো সরকারের কাছে হস্তান্তর করেছে। আমরা চাই, এর অনুকরণে অন্য প্রতিষ্ঠানও আগ্রহী হয়ে এগিয়ে আসুক।”



