নারায়ণগঞ্জের কাচপুরে একটি হিমাগারে অভিযান চালিয়ে ৩১ টন খেজুর জব্দ করা হয়েছে। জব্দ করা খেজুরের মধ্যে ১৪ টন খেজুর ছিল মেয়াদোত্তীর্ণ।
মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে উপজেলার কুতুবপুর এলাকায় স্টার মাল্টিপারপাস নামে ওই কোল্ড স্টোরেজে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম।
ভোক্তা অধিকার সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে হিমাগারটিতে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানের মজুত করা ৩১ টন খেজুর পাওয়া যায়। এরমধ্যে তারিক হোসেন নামে এক ব্যক্তির মালিকানাধীন মৌসুমি এন্টারপ্রাইজের মজুদ করা ১৪ টন খেজুর ২০২১ সালে মেয়াদোত্তীর্ণ হয়ে যায়। মেয়াদ বাড়িয়ে ভুয়া স্টিকার লাগিয়ে খেজুর বাজারে বিক্রির পরিকল্পনা ছিল তাদের। এছাড়া মো. জিলানী নামে এক ব্যক্তির মালিকানাধীন মদিনা এন্টারপ্রাইজের ১৭ টন খেজুর মজুতের বিপরীতে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।
আব্দুস সালাম বলেন, “বাজারে সঙ্কট তৈরি করতে অবৈধভাবে মজুদ করায় এসব খেজুর জব্দ করা হয়েছে।”
তিনি বলেন, “সঙ্কট তৈরি করে তারা এই খেজুর বিক্রি করতে চেয়েছিল। আমরা খেজুর সিল করে দিয়েছি। এখনো পর্যন্ত কাউকে জরিমানা করা হয়নি। তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদনের পর জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”



