Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

নাম: জাস্টিন ট্রুডো, জেলা: পাবনা, উপজেলা: সুজানগর!

অন্তত উপজেলার আহম্মদপুর ইউনিয়ন পরিষদ থেকে ইস্যু করা জন্ম নিবন্ধন সনদ তাইই বলছে

আপডেট : ২১ মার্চ ২০২৪, ০৮:০৬ পিএম

জাস্টিন ট্রুডো, পিতা পিয়েরে ট্রুডো। অনেকেই নাম দুটির সাথে পরিচিত। কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাবাও একসময় ছিলেন দেশটির প্রধানমন্ত্রী।

তবে কারোরই জানা ছিল না যে, জাস্টিন ট্রুডোর রয়েছে “জন্মসূত্রে” বাংলাদেশের নাগরিকত্ব! আশ্চর্যজনক এ ঘটনা ঘটেছে পাবনায়। অন্তত পাবনার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়ন পরিষদ থেকে ইস্যু করা জন্ম নিবন্ধন সনদ তাইই বলছে।

বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।

আহম্মদপুর ইউপির ইস্যু করা জন্ম নিবন্ধন সনদে দেখা গেছে, নাম: জাস্টিন ট্রুডো, পিতা: পিয়েরে ট্রুডো, মাতা: মার্গারেট ট্রুডো, জন্ম তারিখ: ২৫ ডিসেম্বর, ১৯৭১। বাবা-মায়ের জাতীয়তা লেখা হয়েছে বাংলাদেশি।

কানাডার সরকারি ওয়েবসাইট এবং উইকিপিডিয়ার তথ্য বলছে- জাস্টিন ট্রুডোর জন্ম ১৯৭১ সালের ২৫ ডিসেম্বর অটোয়ায়। তার বাবা পিয়েরে ট্রুডো ছিলেন ১৯৬৮ থেকে ১৯৭৯ এবং ১৯৮০ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত দুই দফায় কানাডার প্রধানমন্ত্রী। জাস্টিনের মা মার্গারিটা জোয়ান ট্রুডো একজন অ্যাক্টিভিস্ট।

নাম না প্রকাশের শর্তে আহম্মদপুরের একাধিক বাসিন্দা জানান, গত বছরের শেষদিকে ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া মারা যান। এরপর থেকে এক সদস্য (মেম্বার) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান। কিন্তু প্রাতিষ্ঠানিক কাজকর্মের দায়িত্ব ছিল ইউনিয়ন পরিষদের সচিব আওলাদ হাসানের হাতে। তার ছত্রচ্ছায়ায় পরিষদের কম্পিউটার অপারেটর নিলয় হোসেন টাকার বিনিময়ে যার তার নামে জন্মনিবন্ধন দিত। 

স্থানীয়দের অভিযোগ, অনিয়ম ও দুর্নীতিগ্রস্ত এই ইউনিয়ন পরিষদে অনেক কিছুই সম্ভব!

এ বিষয়ে কথা বলার জন্য পরিষদে গেলে কম্পিউটার অপারেটর নিলয় হোসেনকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও ছিল বন্ধ। 

তবে ইউপি সচিব আওলাদ হাসান বলেন, ‘‘আমি এসব ঘটনার কিছুই জানি না। সার্ভারের ইউজার নাম ও পাসওয়ার্ড আমার কাছে থাকলেও নিলয় হয়ত কোনো সময়ে জেনে গেছে। আমার অগোচরে সে ওটিপি কোড নিয়ে এসব করেছে। এ ঘটনায় আমি দায়ী নই।”

এদিকে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুখময় সরকার। 

তিনি বলেন, “আমি বিষয়টি বলতে পারছি না, এটা হয়তো কেউ হ্যাক করে করতে পারে। এখন বিষয়টি তদন্তাধীন আছে, তদন্ত করে আসল ঘটনা বোঝা যাবে।”

   

About

Popular Links

x