মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এ সময় ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকও বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
মঙ্গলবার (২৬ মার্চ) প্রথম প্রহরে ভোর ৫টা ৫৬ মিনিটে স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা জানান তারা।
প্রথমে রাষ্ট্রপতি ও ভুটানের রাজা এবং পরে প্রধানমন্ত্রী বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।
এরপর আওয়ামী লীগের সভাপতি হিসেবে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এ সময় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে সই করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ভুটানের রাজা ও তার স্ত্রী।
রাষ্ট্র ও সরকার প্রধানের শ্রদ্ধা জানানোর পর সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়।



