Sunday, July 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী

জাতিকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১০:১৬ এএম

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্বাধীনতার চেতনায় বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলার প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৬ মার্চ) জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর পরিদর্শন বইয়ে এ প্রতিজ্ঞার কথা লেখেন তিনি।

পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, “আজ ২৬ মার্চ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আজকের দিনে আমি পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধা জানাই বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি এবং পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্যাতিতা মা-বোনদের প্রতি। গভীর বেদনাভরা ক্লান্ত হৃদয়ে স্মরণ করছি আমার মা বেগম ফজিলাতুন নেছা এবং আমার তিন ছোট ভাই কামাল, জামাল, রাসেলসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেটে আঘাতে যারা শাহাদাত বরণ করেছেন তাদের।”

এ সময় তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিহত জাতীয় চার নেতার প্রতিও শ্রদ্ধা জানান; যাদের ১৯৭৫ সালের ৩ নভেম্বর নির্মমভাবে হত্যা করা হয়েছিল।

পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রী আরও লিখেছেন, “আজ এই মহান দিবসে আমাদের প্রতিজ্ঞা— স্বাধীনতার চেতনায় বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলবো, ইনশাল্লাহ।”

দেশের সব জনসাধারণকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছাও জানান শেখ হাসিনা। “জয় বাংলা জয় বঙ্গবন্ধু” স্লোগানে পরিদর্শন বইয়ের লেখা শেষ করেন তিনি।

এর আগে, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এ সময় ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকও বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

   

About

Popular Links

x