Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভোলায় আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্ত কয়েকশ’ ঘরবাড়ি, নিহত ১

মনুপরার দাসের হাট এলাকায় ছয় জেলেসহ একটি মাছ ধরার ট্রলারও ডুবে যায়

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৯:৫৫ পিএম

ভোলায় আকস্মিক ঘূর্ণিঝড়ে দুই শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় ঝড়ে উপড়ে গেছে গাছপালা। এছাড়া ঝড়ে ঘরচাপায় মারা গেছেন একজন।

রবিবার (৭ এপ্রিল) দুপুরে ভোলা সদর, মনপুরা ও লালমোহন উপজেলায় আকস্মিক ঘূর্নিঝড় আঘাত হানে।

এতে মনুপরার দাসের হাট এলাকায় ছয় জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়।

আর ঘরচাপায় নিহত ব্যক্তির নাম হারেস আহমেদ (৬৮)। জানা গেছে, হারেস আহমেদ ভিক্ষাবৃত্তি করতেন। তিনি লালমোহন উপজেলার বদরপুর এলাকায় ভিক্ষা করার সময় ঝড়ের কবলে পড়েন। এসময় স্থানীয় মনির হোসেনের ঘরে আশ্রয় নেন। সেখানে ঘর চাপায় তার মৃত্যু হয়। হারেস একই উপজেলার ফরাসগঞ্জ ইউনিয়নের বাসিন্দা।

লালমোহন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, দুপুরের এ ঝড়ে মনপুরা উপজেলার হাজির হাট ইউনিয়নের দাসেরহাট ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রায় ১০০ কাঁচা ঘরবাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে অধিকাংশ ঘরের চাল বেড়া উড়ে যায়। এ সময় দাসের হাটের মেঘনায় মাছ ধরা অবস্থায় ছয় জেলেসহ একটি ট্রলার ডুবে যায়। তবে অন্য ট্রলারের সহায়তায় তাৎক্ষণিক সবাইকে জীবিত উদ্ধার হলেও ট্রলারটি পাওয়া যায়নি। এছাড়াও ঝড়ে দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, “নিহতের পরিবারকে নগদ ২৫,০০০ টাকা অর্থ সহায়তা দেওয়া হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত তিন উপজেলায় ১৬ টন চাল তাৎক্ষণিক বরাদ্দ দেওয়া হয়েছে।” ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে বলেও জানান তিনি।

   

About

Popular Links

x