Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঈদে দর্শনার্থীদের জন্য প্রস্তুত গাজীপুরের বিনোদনকেন্দ্রগুলো

রোজায় এসব বিনোদনকেন্দ্র ছিল ফাঁকা

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ০২:২০ পিএম

ঈদ-উল-ফিতর উদযাপন করতে গাজীপুরের সরকারি-বেসরকারি উদ্যানগুলোয় নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যানের ভেতরে ওয়াকওয়ে, ফুলের বাগান, থাকার ঘর, রেস্টুরেন্ট পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। শিশুদের বিনোদনের জন্য উদ্যানগুলোর বিভিন্ন রাইড, দর্শনীয় স্থানগুলো ঘষামাজা ও পরিষ্কার করা হচ্ছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দর্শনার্থী, প্রাণী ও পরিবেশের নিরাপত্তার জন্য পুরো এলাকা সিসিটিভির আওতায় আনা হয়েছে।

এক মাস সিয়াম সাধনার সময় জেলার এসব বিনোদনকেন্দ্র ছিল ফাঁকা। রমজানের শেষ সাত দিন ধরে বিনোদনকেন্দ্রগুলোতে ঘষামাজার কাজ হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের আগাছা পরিষ্কার করছিলেন দিনমজুর নাসির উদ্দিন। তিনি ঢাকা ট্রিবিউনকে বলেন, “দর্শনার্থীদের জন্য পার্ক পরিষ্কার করা হচ্ছে। প্রতিদিন ১৫ থেকে ১৬ জন ওয়ার্কার দলবদ্ধভাবে পরিচ্ছন্নতার কাজ করছেন। ঈদের আগের দিন বুধবারও সর্বশেষ পরিচ্ছন্নতা অভিযান চলেছে। দ্রুতগতিতে সংস্কারের কাজ করছি। মানুষ এসে যাতে সুন্দরভাবে ঘুরতে পারে, উপভোগ করতে পারে।”

রমজানের শেষ সাত দিন ধরে বিনোদন কেন্দ্রগুলো ব্যবহার উপযোগী হিসেবে আগের পরিবেশ ফিরিয়ে এনেছে কর্তৃপক্ষ/ঢাকা ট্রিবিউন

গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকার নুহাশ পল্লীর পরিচ্ছন্নতাকর্মী ফজলু মিয়া বলেন, “নুহাশ পল্লীতে হুমায়ূন স্যারের মৃত্যু ও জন্মবার্ষিকীতে মাঠ-ঘাট-ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। বছরের দুই ঈদেও পার্কের ভেতরে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। আগামী দুই দিনে আরও লোক নিয়ে বাকি অংশ পুরোপুরি পরিচ্ছন্ন করে রাখব। ঈদে যারা ঘুরতে আসবেন, তারা একটি পরিপাটি পরিবেশ পাবেন নুহাশ পল্লীতে।”

ঈদের আগে ভিড় সামলাতে সবান্ধব সাফারি পার্ক ঘুরতে এসেছেন নটরডেম কলেজের শিক্ষার্থী দীপ চক্রবর্তী। তিনি বলেন, “সাফারি পার্কটি প্রাকৃতিকভাবে অনেক সুন্দর ও মনোমুগ্ধকর। প্রাণীর সংখ্যা আরও বাড়িয়ে সৌন্দর্য বাড়ানো যেতে পারে। লেক ও পাড় বাঁধাই ও সংস্কার করা প্রয়োজন। ঈদ বা পূজা, পার্বণে এ জায়গাগুলো ভালোভাবে উপভোগের সুযোগ হয়।”

নটরডেমের অপর শিক্ষার্থী মাধুর্য বিশ্বাস বলেন, “সাফারি পার্ক আমাকে দারুণ অভিজ্ঞতা দেয়। এখানকার প্রাকৃতিক পরিবেশের বিশেষত্ব রয়েছে।”

নরসিংদী সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক দুলাল চক্রবর্তী বলেন, “ঈদ উৎসবের জন্য বঙ্গবন্ধু সাফারি পার্কে সপরিবার দর্শনার্থীরা আসতে পারে। সব উৎসব সামনে রেখে সবাইকেই প্রকৃতির সান্নিধ্যে আসা উচিত।”

ঈদে যারা ঘুরতে আসবেন, তারা একটি পরিপাটি পরিবেশ পাবেন নুহাশ পল্লীতে/ঢাকা ট্রিবিউন

মিতা গোস্বামী নামে আরেক দর্শনার্থী বলেন, “সদ্য বৃষ্টি হয়ে যাওয়ায় সাফারি পার্কের পরিবেশটা বেশ সুন্দর হয়ে উঠেছে। পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ কাটানোর জন্য সুন্দর একটি পরিবেশ এটি। গাজীপুরে বেসরকারি উদ্যোগেও অনেক উদ্যান রয়েছে, যেগুলোর মধ্যে মানুষের বিনোদনের নানামুখী উদ্যোগও রয়েছে।”

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সহকারী বন সংরক্ষক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রচুর দর্শক সমাগম হবে। সিংহ বেষ্টনী, আফ্রিকান সাফারিসহ সব বেষ্টনী পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। কিছুটা আধুনিকায়ন করে নিরাপত্তা বৃদ্ধির জন্য বিভিন্ন স্পট সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। দর্শনার্থীরা যাতে স্বাচ্ছন্দ্য নিয়ে ঘুরে দেখতে পারেন, সেজন্য গাড়ি পার্কিং ও অন্যান্য স্পট সাজানো হয়েছে।”

   

About

Popular Links

x