Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফরিদপুরের সড়কে সাতসকালে ঝরল ১৩ প্রাণ

‘ধারণা করা হচ্ছে একটি পরিবারের লোকজন পিকআপ ভাড়া করে ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছিলেন’

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১২:১৫ পিএম

ফরিদপুরের শহরতলীর কানাইপুরের দিগনগর এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১১ জন ঘটনাস্থলে এবং দুজন হাসপাতালে মারা যান। নিহতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেঁতুলতলা অ্যাবলুম হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী।

নিহতদের মধ্যে এক পরিবারের পাঁচজন রয়েছেন। তারা হলেন- ফরিদপুরের বোয়ালমারীর বেজিডাঙ্গা গ্রামের রফিক মোল্লা (৩৫), তার স্ত্রী সুমি বেগম (২৩), দুই ছেলে রুহান মোল্লা (৬), হাবিব মোল্লা (৩) ও মা।

এছাড়া নিহত আরেকজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মর্জিনা বেগম।

রফিক ঢাকায় একটি সরকারি অফিসে লিফটম্যান হিসেবে কর্মরত ছিলেন। ঈদের ছুটি শেষ করে তিনি মা, স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে পিকআপ ভ্যানে করে ঢাকায় যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী কানাইপুরের দিগনগর গ্রামের বাসিন্দা সাহানা বেগম বলেন, “ঘটনাস্থলে আসার পর বাসটির একটি চাকা রাস্তার গর্তে পড়ে যায়। এরপর গাড়িটি আড়াআড়িভাবে সড়কের ওপর দাঁড়িয়ে যায়। এ সময় পিকআপ ভ্যানটি বাসটির মাঝামাঝিতে এসে আঘাত করলে এই দুর্ঘটনা ঘটে।”

সালাউদ্দিন চৌধুরী বলেন, “নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে হতাহতদের নাম-ঠিকানা জানা যায়নি। ধারণা করা হচ্ছে একটি পরিবারের লোকজন পিকআপ ভাড়া করে ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছিলেন।”

জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, “এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। নিহতদের পরিবারকে পাঁচ লাখ এবং আহতদের তিন লাখ টাকা করে দেওয়া হবে।”

   

About

Popular Links

x