Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

যেকোনো মূল্যে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার আহ্বান সিইসির

সুষ্ঠু নির্বাচনে ব্যর্থ হলে গণতান্ত্রিক অগ্রযাত্রা ক্ষুণ্ন হয়ে যেতে পারে বলে মনে করেন সিইসি

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০২:১৮ পিএম

যেকোনো মূল্যে উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেছেন, “এ ক্ষেত্রে ব্যর্থ হলে গণতান্ত্রিক অগ্রযাত্রা ক্ষুণ্ন হয়ে যেতে পারে।”

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সব জেলা প্রশাসকসহ পুলিশ ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শুরুর আগে তিনি এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, “আমাদের উপজেলা পরিষদের নির্বাচন শুরু হতে যাচ্ছে। এবার প্রতিটি জেলায় চারটি ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা নতুন মাত্রা হলো জেলা প্রশাসক ও পুলিশ সুপার সমন্বিতভাবে আইনশৃঙ্খলার বিষয়টি দেখতে পারবেন। মোতায়েন সহজ হবে, যেহেতু চারটি পর্বে নির্বাচন অনুষ্ঠিত হবে।”

তিনি বলেন, “আবেগ-অনুভূতির কারণে দেশে নির্বাচনে অনেক সময় কিছুটা উচ্ছৃঙ্খলতা হয়ে থাকতে পারে, সহিংসতাও হতে পরে। এগুলো যেন না হয়, সেই দিকটাও আমাদের দেখতে হবে। নির্বাচনটা যাতে অবাধ হয়। যারা ভোটার, তারা যেন এসে নির্বিঘ্নে ভোট প্রদান করে আবার নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারেন।”

সিইসি বলেন, “সুষ্ঠু নির্বাচনে আমরা ব্যর্থ হই, তাহলে আমাদের গণতন্ত্রের যে অগ্রযাত্রা, যেটার দৃষ্টান্ত আপনারা প্রতিষ্ঠিত করেছেন ৭ জানুয়ারির সাধারণ নির্বাচনে; সেটাও ক্ষুণ্ন হয়ে যেতে পারে। আমরা আশা করব, আগামীতে আমাদের প্রত্যেকটা নির্বাচন সুন্দর-সুষ্ঠু হবে।”

তিনি আরও বলেন, “আরও অন্যান্য নির্বাচন ইউনিয়ন পর্যায়ে, সেগুলো যেন সুন্দর-সুষ্ঠুভাবে হয় এবং আমরা যেন এই জিনিসটা প্রতিষ্ঠিত করতে পারি যে, বাংলাদেশে গণতন্ত্র আছে, আমাদের নির্বাচন নির্বাচনের মতোই হয়ে থাকে। ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।”

   

About

Popular Links

x