মানিকগঞ্জে একটি মাদ্রাসার চারতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে মাহিয়া আক্তার (১৭) নামের এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) সকালে সদর উপজেলার বাসস্ট্যান্ডের আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসায় এই ঘটনা ঘটে।
নিহত মাহিয়া আক্তার মানিকগঞ্জের সিংগাইরের বড় কালিয়াকৈর এলাকার আল মামুনের মেয়ে। সে মাদ্রাসাটির হেফজ বিভাগের ছাত্রী ছিল।
মাদ্রাসাটির শিক্ষিকা শারমিন আক্তারের ভাষ্য, সকালে মাদ্রাসায় ক্লাস চলছিল। তখন ছাদে খেলছিল মাহিয়া। নিয়ন্ত্রণ হারিয়ে সে ভবনের চারতলার ছাদ থেকে নিচে পড়ে যায়।
শারমিন আক্তার বলেন, “মাহিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।”
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



