Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিদ্যুতে ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল ৭৫ পয়সা

  • বুধবার থেকে নতুন দাম কার্যকর হবে 
  • এতে বিদ্যুৎ উৎপাদন খরচ বাড়বে
আপডেট : ০১ মে ২০২৪, ০৬:১৪ পিএম

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটার ০.৭৫ টাকা বাড়িয়েছে সরকার। এছাড়া শিল্প-কারখানায় ব্যবহৃত ক্যাপটিভ বিদ্যুতের দামও (শিল্পের গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র) একই হারে বাড়ানো হয়েছে। তবে দেশীয়, সার উৎপাদন, সিএনজি, বাণিজ্যিক ও চা শিল্পে মূল্য সমন্বয় অপরিবর্তিত রয়েছে। ১ মে থেকে কার্যকর হচ্ছে নতুন দাম। এতে বিদ্যুতের উৎপাদন খরচ বাড়বে। ফলশ্রুতিতে বাড়বে শিল্প পণ্যের উৎপাদন খরচ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা করে।

বর্তমানে সরকারি, বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র (আইপিপি) ও ভাড়া পাওয়ার প্ল্যান্টে সরবরাহকৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটার ১৪.৭৫ টাকা। এখন তা বাড়িয়ে ১৫.৫০ টাকা করা হয়েছে।

শিল্প গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে (ক্যাপটিভ) সরবরাহকৃত গ্যাসের দাম ছিল ৩০.৭৫ টাকা। এখন তা বাড়িয়ে ৩১.৫০ টাকা করা হয়েছে।

জানা গেছে, গত জানুয়ারিতে বিদ্যুৎ, শিল্প ও বাণিজ্যিক খাতে গ্যাসের দাম বেড়েছে।

এদিকে সরকারি, বেসরকারি ও ভাড়ার বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের দাম বৃদ্ধির কারণে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম কয়েকগুণ বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

আবার শিল্প খাতে গ্যাসের দাম বাড়ার কারণে উৎপাদন খরচও বাড়বে বলে জানিয়েছেন শিল্প মালিকরা।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশে গ্যাস ব্যবহারকারীদের ৮টি শ্রেণির গ্রাহক রয়েছে।

এরমধ্যে মোট গ্যাস সরবরাহের ৩৭% বিদ্যুৎ উৎপাদনে, ২৩% শিল্পে, ১৮% ক্যাপটিভ পাওয়ারে, ১০% গৃহস্থালীতে, ৭% সার উৎপাদনে, ৪% সিএনজিতে এবং ১% বাণিজ্যিক ও চা শিল্পে ব্যবহৃত হয়।

প্রাকৃতিক গ্যাসের উৎপাদন, আমদানি ও সরবরাহ মূল্যের পার্থক্যের কারণে সরকারকে ২০২৩-২৪ অর্থবছরে এ খাতে ৬ হাজার ৫৭১ কোটি টাকা আর্থিক ভর্তুকি দিতে হবে।

   

About

Popular Links

x