Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

দুপুরে দেশে আসছে তিউনিসিয়া উপকূলে নিহত ৮ বাংলাদেশির মরদেহ

লিবিয়ার জুয়ারা উপকূল থেকে ইউরোপে যাওয়ার পথে ৫২ জন যাত্রী এবং একজন চালকসহ নৌকাটি তিউনিসিয়া উপকূলে ডুবে যায়

আপডেট : ০২ মে ২০২৪, ১২:১৩ পিএম

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করতে গিয়ে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত আট বাংলাদেশির মরদেহ বৃহস্পতিবার (২ মে) দুপুরে দেশে পৌঁছাচ্ছে।

লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পোস্টে বিষয়টি জানানো হয়েছে।

ফেসবুক পোস্টে বলা হয়, কফিনগুলো সৌদিয়া এয়ারলাইনসের ফ্লাইটে বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

গত মঙ্গলবার লিবিয়ায় নিযুক্ত ও তিউনিসিয়ার অনাবাসিক দায়িত্বে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) আবুল হাসনাত মুহাম্মাদ খায়রুল বাশারের উপস্থিতিতে মিশনের কর্মকর্তারা মরদেহগুলো তিউনিস আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি শেষরাতের দিকে নৌকাডুবির ঘটনা ঘটে। এর পরপরই লিবিয়ার ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা তিউনিসিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় নগর কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে মরদেহের সুরতহাল, শনাক্তকরণ, দেশি সংস্থার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা, মৃত্যু ও মেডিকেল সনদ ইস্যু সম্পন্ন করেন। 

পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা উইং মরদেহ ফিরিয়ে আনতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় করে। স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয়ের সহায়তা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে প্রয়োজনীয় ব্যয়ভার মেটানো হচ্ছে।

৮ নিহতের মধ্যে সজল, নয়ন বিশ্বাস, মামুন শেখ, কাজী সজীব ও কায়সার খলিফা মাদারীপুর জেলার এবং রিফাত, রাসেল ও ইমরুল কায়েস আপন গোপালগঞ্জ জেলার বাসিন্দা ছিলেন। 

লিবিয়ার জুয়ারা উপকূল থেকে ইউরোপে যাওয়ার পথে ৫২ জন যাত্রী এবং একজন চালকসহ নৌকাটি তিউনিসিয়া উপকূলে ডুবে যায়। এ ঘটনায় ৪৪ জনকে জীবিত উদ্ধার করা হয়। যাদের মধ্যে ২৭ জন বাংলাদেশি ছিলেন। নিহত ৯ জনের মধ্যে ৮ জন বাংলাদেশি ও আরেকজন পাকিস্তানের নাগরিক বলে শনাক্ত করা হয়েছে।

   

About

Popular Links

x