Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইউরোপের স্বপ্ন ফিরে এলো কফিনে

ভূমধ্যসাগরে মারা যাওয়া আট বাংলাদেশির লাশ দেশে পৌঁছেছে

আপডেট : ০২ মে ২০২৪, ০৪:০০ পিএম

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে মারা যাওয়া আট বাংলাদেশির লাশ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার (২ মে) দুপুরে তিউনিসিয়া থেকে বিমানে তাদের মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

মারা যাওয়া বাংলাদেশিরা হলেন মামুন শেখ, সজল বৈরাগী, নয়ন বিশ্বাস, রিফাত শেখ, সজীব কাজী, ইমরুল কায়েস, মো. কায়সার ও রাসেল শেখ। তাদের মধ্যে পাঁচজনের বাড়ি মাদারীপুরে ও তিনজনের বাড়ি গোপালগঞ্জে।

উন্নত জীবনের আশায় দালালের মাধ্যমে ঝুঁকি নিয়ে তারা ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি একটি অভিবাসী দল নৌকায় লিবিয়ার জোয়ারা উপকূল থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা শুরু করে। যাত্রাপথে তিউনিসিয় উপকূলে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় মোট ৫২ জন যাত্রী এবং একজন চালক ছিলেন। দুর্ঘটনার পর ৪৪ জনকে জীবিত উদ্ধার করা হয়। তাদের মধ্যে ২৭ জন বাংলাদেশি নাগরিক। বাকিদের মধ্যে পাকিস্তানের আটজন, সিরিয়ার পাঁচজন, মিসরের তিনজন এবং নৌকা চালক রয়েছেন।

ওই ঘটনায় নৌকায় থাকা ৯ জন যাত্রী মারা যান। তাদের মধ্যে আটজন বাংলাদেশি এবং একজন পাকিস্তানের নাগরিক।

এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি হত্যা মামলা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার তৌহিদুল ইসলাম।

তিনি জানান, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

   

About

Popular Links

x