Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

শনিবার খুলছে বেনজীরের সাভানা পার্ক

আগের মতো ১০০ টাকা ফি দিয়ে পার্কের ভেতরে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা

আপডেট : ১৪ জুন ২০২৪, ০৯:৫১ পিএম

গোপালগঞ্জে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক জেলা প্রশাসনের পক্ষ থেকে শনিবার (১৫ জুন) খুলে দেওয়া হচ্ছে। ফলে দর্শনার্থীরা এ দিন থেকে পার্কটিতে প্রবেশ করতে পারবেন।

১০ দিন বন্ধ থাকার পর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শনিবার সকাল ৮টা থেকে সর্বসাধারণের জন্য পার্কটি খুলে দেওয়া হবে। এতে দর্শনার্থীরা আগের মতো ১০০ টাকা ফি দিয়ে পার্কের ভেতরে প্রবেশ করতে পারবেন।

দর্শনার্থীদের বিনোদনের জন্য পার্কের বিভিন্ন রাইডও চালু করা হবে। তবে বন্ধ থাকবে কটেজ। পার্ক থেকে আয়ের সব টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলেও জানা গেছে। 

গত ৪ জুন সার্ভার জটিলতা দেখিয়ে সাময়িকভাবে পার্কটি বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ। এরপর থেকে পার্কটি বন্ধ ছিল। গত ৭ জুন রাতে আদালতের নির্দেশে রিসিভার নিয়োগ করে পার্কটির নিয়ন্ত্রণ নেয় গোপালগঞ্জ জেলা প্রশাসন।

অন্যদিকে, গতকাল বৃহস্পতিবার সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম তদারকির জন্য কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির প্রধান কার্যালয়ের উপ-পরিচালক (মানিলন্ডারিং) মো. নূর-ই-আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের আওতাধীন সব সম্পদ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও রিসিভার কর্তৃক পার্কের সামগ্রিক কার্যক্রমসহ যাবতীয় বিষয় যথাযথভাবে পর্যবেক্ষণ ও তদারকির লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭-এর ১৮ গ (৩) বিধি অনুযায়ী কমিটি গঠন করা হলো।

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমকে আহ্বায়ক ও দুর্নীতি দমন কমিশনের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমানকে সদস্য সচিব করে ৬ সদস্যের এ কমিটি করা হয়।

কমিটির অন্য সদস্যারা হলেন- গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবপ্রসাদ পাল, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট ফজলে রাব্বি।

কমিটির সদস্য সচিব মো. মশিউর রহমান বলেন, “শনিবার সকাল ৮ টা থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পার্কটি খুলে দেওয়া হবে। বিকেলে নবগঠিত পার্ক পর্যবেক্ষণ ও তদারকির কমিটির সভা অনুষ্ঠিত হবে।”

   

About

Popular Links

x