Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

২০ থেকে একলাফে ১০০ টাকা হলো বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি

একলাফে পাঁচ গুণ প্রবেশ ফি বাড়ানোর সমালোচনা করছেন অনেকেই

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০৬:৪২ পিএম

রাজধানীর মিরপুরের বোটানিক্যাল গার্ডেন বা জাতীয় উদ্ভিদ উদ্যানে প্রবেশ ফি বাড়ানো হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন এ উদ্যানে প্রবেশের ফি একলাফে পাঁচ গুণ বেড়ে ২০ টাকা থেকে ১০০ টাকা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) উদ্যানে প্রবেশের নতুন এই ফি কার্যকর হয়েছে।

এর আগে, গত ২১ এপ্রিল মন্ত্রণালয়ের বন অধিশাখা-১ থেকে প্রবেশ ফি বাড়ানো নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১২ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে জনপ্রতি ১০০ টাকা প্রবেশ ফি দিতে হবে। আর এর চেয়ে কম বয়সীদের জন্য প্রবেশে ফি দিতে হবে ৫০ টাকা।

তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যারা অগ্রিম অনুমতি নিয়ে বোটানিক্যাল গার্ডেনে যাবে, তাদের ১০০ জনের একটি দলের জন্য ১ হাজার টাকা ফি দিতে হবে। এর চেয়ে বেশিজনের দল হলে দেওয়া লাগবে দেড় হাজার টাকা। গবেষকেরাও এই ফির আওতায় থাকবেন।

বিদেশি পর্যটক ও শরীরচর্চার জন্য উদ্যানে নিয়মিত যান, তাদের জন্যও আলাদা ফি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রত্যেক বিদেশি পর্যটকের জন্য দিতে হবে এক হাজার টাকা বা সমমূল্যের ইউএস ডলার। আর উদ্যানে শরীর চর্চার জন্য যাওয়া ব্যক্তিদের একটি বাৎসরিক কার্ড করাতে হবে। এর জন্য ফি দেওয়া লাগবে ৫০০ টাকা। তবে অবস্থান করা যাবে মাত্র এক ঘণ্টা। আগে শরীরচর্চার জন্য উদ্যানে গেলে কোনো রকম ফি লাগত না।

একলাফে পাঁচ গুণ প্রবেশ ফি বাড়ানোর বিষয়টি নিয়ে দর্শনার্থীদের অনেকেই আলোচনা-সমালোচনা করছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমনিতেই ঢাকায় সাধারণ মানুষের যাওয়ার জায়গা দিন দিন কমে যাচ্ছে। শিশুরা গাছপালা তথা সবুজ দেখতে পায় না বললেই চলে, তার ওপর এত অধিক হারে ফি বাড়ানো শিশুদের বিকাশকে বাধাগ্রস্থ করবে তাই আমরা এই ফি বৃদ্ধির সিদ্ধান্তকে অনুচিত ও অযৌক্তিক মনে করছি।

ফি বাড়ানোর সিদ্ধান্ত দ্রুত পরিবর্তনসহ ঢাকাসহ সারাদেশের পার্ক-উদ্যান ও খেলার মাঠগুলোকে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখারও দাবি জানিয়েছে বাপা।

   

About

Popular Links

x