Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি বৃদ্ধি, ক্ষুব্ধ দর্শনার্থীরা

মনোয়ারুল ইসলাম হতাশা প্রকাশ করে বলেন, ১০-২০ টাকা বাড়ানো যুক্তিসঙ্গত হতো; বুঝতে পারছি না, কী বিবেচনায় প্রবেশমূল্য বেড়ে ১০০ টাকা হলো

আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১১:৩৬ এএম

মিরপুরের ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনসহ ছয়টি বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের প্রবেশমূল্য পাঁচগুণ বাড়ানোর সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সমালোচনা ও অসন্তোষের জন্ম দিয়েছে।

শুক্রবার (৫ জুলাই) বাংলাদেশের বৃহত্তম উদ্ভিদ সংরক্ষণ কেন্দ্র জাতীয় বোটানিক্যাল গার্ডেনে গিয়ে দেখা গেছে, দর্শনার্থীদের উপস্থিতি স্বাভাবিকের চেয়ে কম ছিল।

দর্শনার্থীরা বলছেন, নতুন প্রবেশ ফি জনপ্রতি ২০ টাকা থেকে ১০০ টাকা করা হয়েছে, এটা তাদের কাছে যুক্তিসঙ্গত মনে হয়নি। ক্ষোভের সঞ্চার করেছে।

মিরপুরের বাসিন্দা মনোয়ারুল ইসলাম তার হতাশা প্রকাশ করে বলেন, "১০-২০ টাকা বাড়ানো যুক্তিসঙ্গত হতো।"

তিনি বলেন, "বুঝতে পারছি না, কী বিবেচনায় প্রবেশমূল্য বেড়ে ১০০ টাকা হলো।"

ফাতিন আঞ্জুম নেহা নামের এক শিক্ষার্থী, যিনি প্রবেশ ফি বৃদ্ধির বিষয়ে জেনেই এসেছেন। তিনি এই বৃদ্ধিকে অন্যায্য বলে বর্ণনা করেছেন।

তার ভাষ্যমতে, "মূল্য দ্বিগুণ হতে পারে তবে এত হারে বাড়ানো অগ্রহণযোগ্য।" প্রবেশমূল্যকে অগ্রহণযোগ্য বললেও অনেকটা বাধ্য হয়েই টিকেট কিনলেন এই দর্শনার্থী।  

বোটানিকাল গার্ডেনের টিকিট সংগ্রহের দায়িত্বপ্রাপ্ত ইজারাদার জাহাঙ্গীর আলম টিয়া জানান, বর্ধিত টিকিটের মূল্যের ভিত্তিতে তিনি তার দরপত্র জমা দিয়েছেন। পূর্বে ২.৩০ কোটি টাকায় ইজারা নেওয়া টিয়া বর্তমান দরপত্র ৪.১৭ কোটি টাকায় জিতেছেন। তিনি বলেন, "তবে, দরপত্রের মূল্য পাঁচগুণ বাড়েনি।"

এদিকে, পরিবেশবাদী সংগঠন "গ্রিন ভয়েস" শুক্রবার বোটানিক্যাল গার্ডেনের প্রধান ফটকের সামনে একটি নাগরিক সমাবেশ করেছে। 

এতে বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম এই সিদ্ধান্তকে জনস্বার্থবিরোধী বলে সমালোচনা করেন।

“এই ধরনের পার্ক বিনোদনমূলক এবং শারীরিক ব্যায়াম কার্যক্রমের জন্য। সরকারের এই খাত থেকে লাভের কথা ভাবা উচিত নয়।”

মাসুম সতর্ক করে দিয়েছিলেন যে এই পদক্ষেপটি শেষ পর্যন্ত বাগানের রাজস্ব হ্রাস করতে পারে, যা রাষ্ট্র এবং ইজারাদার উভয়কেই প্রভাবিত করবে।

এর আগে বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী দাম বৃদ্ধিকে ‘‘অযৌক্তিক’’ আখ্যা দিয়ে পুনর্বিবেচনার পরামর্শ দেন।

“এখানে রাজস্বের চাহিদা রয়েছে, তবে এতটা বাড়ানো উচিত নয় বলে মনে করি; এটা অযৌক্তিক,” তিনি সাংবাদিকদের এভাবেই বলেছিলেন।

রাজধানীর বলধা গার্ডেনসহ সারাদেশে ছয়টি বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ফি বাড়ানোর ঘোষণা দিয়ে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় তার বন বিভাগ-১ থেকে ২১ এপ্রিল একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রবেশ ফি বাড়ানো অন্য উদ্যানের মধ্যে রয়েছে কক্সবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান, হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান, চট্টগ্রামের বাঁশখালী ইকো পার্ক এবং ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ইকো পার্ক।

   

About

Popular Links

x