Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

অজ্ঞাতস্থান থেকে ভিডিওবার্তা দিলেন আইজিপি

পুলিশ সদস্যদের সমস্যা ও দাবির যৌক্তিক সমাধানের আশ্বাস

আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ০৫:৫১ পিএম

পুলিশ সদস্যদের উত্থাপিত বিভিন্ন সমস্যা ও দাবির যৌক্তিক সমাধানের আশ্বাস দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে অজ্ঞাত স্থান থেকে পাঠানো এক ভিডিওবার্তায় আইজিপি এ কথা বলেন।

ভিডিওবার্তায় তিনি বলেন, “বাংলাদেশ পুলিশের যেসব সদস্য জনগণের জীবন ও সম্পদ রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আহত অবস্থায় বিভিন্ন স্থানে যারা আছেন তাদের সকল প্রকার চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হবে।”
আইজিপি বলেন, “রাজনৈতিক নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে পুলিশ সদস্য ও পুলিশের স্থাপনাগুলোতে যাতে আক্রমণের ঘটনা না ঘটে সেজন্য ব্যবস্থা নেওয়ার জন্য সকলকে বিনীত অনুরোধ করছি। সেইসঙ্গে পুলিশের স্থাপনাগুলোতে নিরাপত্তা নিশ্চিতকল্পে দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের অহর্নিশ সহযোগিতা করে যাচ্ছেন।”

আইজিপি আরও বলেন, “বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে দৃঢ় মনোবল নিয়ে ধৈর্য সহকারে নিজের নিরাপত্তা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আশা করছি, সকলের সহযোগিতায় দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে। আল্লাহ আমাদের সহায় হোন, আমিন।”

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সোমবার দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। টানা চারবার ক্ষমতায় আসার পরও ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে হয় তাকে।

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরের দেশের বিভিন্ন জায়গায় থানা, সরকারি অফিস ভবন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের খবর পাওয়া যাচ্ছে। এসব ঘটনায় মারা গেছেন বেশ পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন।

পুলিশের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে পুলিশ অধস্থন কর্মচারী সংগঠন।

   

About

Popular Links

x