Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আবারও রিমান্ডে দীপু মনি-সালমান-আনিসুল ও জিয়াউল

সালমান এফ রহমান, আনিসুল হক এবং জিয়াউল আহসানকে আবারও ১০ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত

আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ০৯:২১ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পৃথক দুই শিক্ষার্থীকে হত্যার অভিযোগে দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আবারও ১০ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (২৪ আগস্ট) রাতে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত এই আদেশ দেন।

গত ১৩ আগস্ট ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন নিউমার্কেট থানার হত্যা মামলায় তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর ১৫ আগস্ট গভীর রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। পরদিন তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে ঢাকার বাড্ডা থানায় দায়ের করা সুমন সিকদার হত্যা মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শনিবার মামলাটির তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার সাব-ইন্সপেক্টর মো. রেজাউল আলম তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত রিমান্ডের আদেশ দেন।

এর আগে গত ২০ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে নির্বিচার গুলিবর্ষণে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় দীপু মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৯ আগস্ট রাতে সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে রাজধানীর গুলশানের বারিধারা ডিওএইচএস এলাকা থেকে আটক করে ডিবি পুলিশের গুলশান বিভাগের একটি দল।

   

About

Popular Links

x