Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আইনজীবীকে হত্যা চেষ্টা মামলায় শেখ হাসিনা-তাকসিম-ফেরদৌস’সহ আসামি ৫৯

গত ১৮ জুলাই বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন আবদুল বাছেদ শামীম

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৫:৪১ পিএম

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর মুগদায় আইনজীবী আবদুল বাছেদ শামীমকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে আবদুল বাছেদ শামীম নিজে বাদী হয়ে এ মামলা করেন। আদালত মুগদা থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলার বাকী আসামিরা হলেন- ওবায়দুল কাদের, শেখ সেলিম, আসাদুজ্জামান খান কামাল, মাহাবুবুল আলম হানিফ, হাছান মাহমুদ, নাজমুল হাসান পাপন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দীপু মনি, বিপ্লব বড়ুয়া, আবদুস সোবহান গোলাপ, মোহাম্মদ আলী আরাফাত, জুনায়েদ আহমেদ পলক, শেখ ফজলে শামস পরশ, মাঈনুল হোসেন খান নিখিল, নায়ক ফেরদৌস আহমেদ, ব্যারিস্টার সায়েদুল হক সুমন, কাজী সালাউদ্দিন, ওয়াসার সাবেক এমডি তাকসিম আহমেদ খান, পুলিশের চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান, ছাত্রলীগের সাদ্দাম হোসেন, শেখ ওয়ালী আসিফ ইনান, মাজহারুল কবীর শয়ন ও তানভীর হাসান সৈকত।

মামলায় ‍উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৮ জুলাই আদালতের কার্যক্রম শেষ করে বাসায় ফিরছিলেন আবদুল বাছেদ শামীম। মানিকনগরে পৌছালে আন্দোলনকারীদের ওপর আইন-শৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হন আবদুল বাছেদ।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর থেকে তার মন্ত্রীসভার সদস্য ও আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে সারাদেশে বেশকিছু হত্যা মামলা হয়েছে। আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মীই আত্মগোপনে রয়েছেন। এর মধ্যে কয়েকজন সাবেক মন্ত্রী–প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।  

   

About

Popular Links

x