Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

টাঙ্গাইলের মির্জাপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ 

অফিস ভাঙচুর, মোটরসাইকেলে অগ্নিসংযোগ, আহত ১৫

 

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০২ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই শিল্পাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ব্যাপক সংঘর্ষ, অগ্নিসংযোগ ও হামলায় অন্ততপক্ষে ১৫ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। 

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোড়াই হাটুভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৫ আগস্ট সরকার পতনের পর গোড়াই শিল্পাঞ্চলে বিএনপির সাবেক নেতা ফিরোজ হায়দার গ্রুপ ও উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম গ্রুপের মধ্যে শিল্পাঞ্চল দখলসহ চাঁদাবাজির ভাগ ভাটোয়ারা নিয়ে উত্তেজনা বিরাজ করছে। ইতোমধ্যে কয়েকটি কারখানা দখলের চেষ্টা করে এই দুই গ্রুপ। 

বুধবার রাতে বাস স্টেশন এলাকায় শ্রমিক দলের অফিস দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। উভয় পক্ষের মধ্যে অন্তত ১৫ জন আহত হয়। এ সময় হামলায় ফিরোজ হায়দার গ্রুপের শফিকুল ইসলাম শফিক ও আবুল কালাম গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনকে রাতেই ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। অফিস ভাঙচুরসহ অগ্নিসংযোগ করে মোটর সাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

এ ব্যাপারে অভিযুক্ত ফিরোজ হায়দার খান ও খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম একে অপরের বিরুদ্ধে দায়ী করে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।

এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মতর্কা (ওসি) মোশারফ হোসেন বলেন, “ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। কোনো পক্ষই এখন পর্যন্ত মামলা করেনি।”

   

About

Popular Links

x