সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধায় ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন।
মো. ছালেহ উদ্দিন বলেন, “যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় তিনি আসামি। সোমবার রাতে তাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
সাবেক এই রেলমন্ত্রী ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হন। তিনি পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি। ২০১৮ সালের নির্বাচনে জয়ী হলে রেলমন্ত্রীর দায়িত্ব পান তিনি। নুরুল ইসলাম সুজন ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম অংশগ্রহণ করেন। তখন নুরুল ইসলাম পরাজিত হন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে জাসদের প্রার্থী এমরান আল আমিনকে পরাজিত করে দ্বিতীয় বার নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।



