Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

অ্যাটর্নি জেনারেল: ৫ আগস্টের পর কেউ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়নি

এর মূল কৃতিত্ব আইন উপদেষ্টা আসিফ নজরুলের বলে মন্তব্য করেছেন তিনি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৮ পিএম

আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত বাংলাদেশে কেউ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়নি বলে দাবি করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শনিবার (২১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই দাবি করেন।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, “আপনারা জেনে আনন্দিত হবেন, ৩৬ জুলাই (৫ আগস্ট) থেকে আজ পর্যন্ত বাংলাদেশের কেউ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়নি। তার মূল কৃতিত্ব যেতে পারে আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক আসিফ নজরুলের নেতৃত্বে প্রতি।”

তিনি বলেন, “দেশী ও আন্তর্জাতিক সংস্থার তথ্যানুযায়ী, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৩৬ জুলাই (৫ আগস্ট) পর্যন্ত চার হাজারের বেশি মানুষ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ৭শ এর বেশি মানুষ গুমের শিকার হয়েছে। ৬০ লক্ষাধিক মানুষ গায়েবি মামলার আসামি হয়েছিল। কথা বলার স্বাধীনতা, সভা-সমাবেশের স্বাধীন ও মৌলিক অধিকারগুলো হরণের মাধ্যমে বিরোধী মত দমনের নিকৃষ্টতম ইতিহাস রচিত হয়েছিল।”

তিনি আরও বলেন, “আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্ করছি, বিগত সময়ে যেসব বিচারক ফ্যাসিবাদের দোসর হিসেবে মানুষের অধিকার হরণে ভূমিকা পালন করেছেন, তারা এখনো গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। এ বিষয় চলমান থাকলে জাতির কাছে ভুল মেসেজ যাবে। আইন উপদেষ্টা ও প্রধান বিচারপতির অফিসকে এ বিষয়ে যথাযথ সতর্ক থাকার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। বিচারকদের প্রয়োজনীয় সমস্যা দূরীকরণেও আইন উপদেষ্টা ও প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা।”

   

About

Popular Links

x