চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনার ওপর থেকে পাথর পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যুর পর সাময়িকভাবে ঝরনাটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংস্কারের প্রয়োজনীয়তার উল্লেখ করে এই বন্ধের ঘোষণা দেওয়া হয়।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের উপ-বন সংরক্ষক ও বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়সার বলেন, “খৈয়াছড়া ঝরনা সাময়িকভাবে পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে বড়াইধোলা জাতীয় উদ্যান জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।”
এস এম কায়সার বলেন, “খারাপ আবহাওয়া এবং সংস্কারের জন্য খৈয়াছড়া জলপ্রপাতে পর্যটক ভ্রমণ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে ঝরনায় একটি পাথর পড়ে একজন ব্যাংক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়। বিপজ্জনক পাথরগুলো সরানো হচ্ছে। আজ থেকে শুরু হওয়া কাজটি শেষ হতে দুই থেকে চার দিন সময় লাগতে পারে।
তিনি আরও বলেন, “খৈয়াছড়া বন্ধ থাকলেও অন্যান্য জলপ্রপাত এখনো খোলা রয়েছে। আমরা দর্শনার্থীদের তাদের নিরাপত্তার জন্য আমাদের কর্মী বা লাইসেন্সপ্রাপ্ত গাইডদের সঙ্গে ভ্রমণ করার অনুরোধ করছি। ”
গত ২৭ সেপ্টেম্বর ওয়ান ব্যাংকের কাওরান বাজারের প্রধান কার্যালয়ের ছয়জন কর্মকর্তা খৈয়াছড়া ভ্রমণে যান। ঝরনার পানিতে গোসল করার সময় ওপর থেকে পাথর পড়ে মাহবুব হাসান নামের একজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আরেক কর্মকর্তা গাজী আহমেদ বিন শামস চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



খৈয়াছড়া ঝর্ণায় গোসলের সময় পাথর পড়ে পর্যটকের মৃত্যু