রাজধানীর পান্থপথ মোড়ে বিভিন্ন দাবিতে সড়ক বন্ধ করে বিক্ষোভ করেছেন জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের (নিটার) শিক্ষার্থীরা। পান্থপথ সিগন্যাল ও কারওয়ান বাজার মোড়ে সোনারগাঁ সিগন্যাল থেকে পান্থপথ অভিমুখে যান চলাচল বন্ধ করে দিয়েছেন তারা। এতে আশেপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
শিক্ষার্থীরা জানান, বর্তমান পরিচালকের বিরুদ্ধে দুর্নীতিকে প্রশ্রয়, ক্ষমতা কেন্দ্রীভূতকরণ ও শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলায় নেতৃত্ব দেওয়ায় অভিযোগ থাকায় তার অপসারণ দাবি জানানো হয়। প্রায় এক মাস পার হলেও নিটার প্রশাসন শিক্ষার্থীদের যৌক্তিক দাবি না মেনে, উল্টো শিক্ষার্থীদের দোষী বানিয়ে হোস্টেল বন্ধসহ প্রশাসন অপেশাদার আচরণ করছে বলে অভিযোগ তাদের।
আন্দোলনের সমন্বয়কারী মোহাম্মদউল্লাহ আবরার বলেন, “এক মাস যাবৎ আমরা আমাদের দাবি পূরণের জন্য অপেক্ষা করেছি। এই মূহুর্তে রাস্তা অবরোধ ছাড়া আর কোনো বিকল্প আমাদের কাছে নেই।” দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাবেন বলেও জানান তিনি।
নিটার-এর রেজিস্টার ইকবাল রেজা ঢাকা ট্রিবিউনকে বলেন, “আমরা তো তাদের দাবিগুলো মেনে নিয়েছি। তারপরও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে।”
পরিচালককে অপসারণের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, “তারা আগে এই ধরণের কোনো দাবি তোলেনি।”
একাডেমিক কার্যক্রম পুনরায় চালু করার বিষয়ে তিনি বলেন, “ আমরা একটি নোটিশ দিয়েছি, শিক্ষার্থীরা যদি এটি অনুসরণ করতো তবে ক্লাসগুলি এখন শুরু হত।”
ঢাকা ট্রিবিউন নিটার-এর সিইও-র সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।



