Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পিরোজপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খালে, ৪ শিশুসহ নিহত ৮

জানা গেছে, নিহতদের বাড়ি নেত্রকোনায়। তাদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০৯:৩১ এএম

পিরোজপুর সদর উপজেলার কদমতলা এলাকায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৪ শিশুসহ ৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চারজন শিশু, দুইজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন।

বুধবার (৯ অক্টোবর) রাত সোয়া ২টার দিকে নাজিরপুর সড়কের নুরানি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে সবার পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পিরোজপুরের ডিউটি অফিসার মামুন মোল্লা।

জানা গেছে, নিহতদের বাড়ি নেত্রকোনায়। তাদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। তারা হলেন- মোতাহার (৪৫), তার স্ত্রী সাবিনা (৩৬), তাদের মেয়ে মুক্তা (১০) ও ছেলে শোয়াইব (২)।

ফায়ার সার্ভিস জানায়, বুধবার রাত সোয়া ২টার দিকে খালে গাড়ি পড়ে যাওয়ার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর পিরোজপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যে আরও একটি ইউনিট গিয়ে সেখানে যুক্ত হয়। গাড়িতে থাকা মোট ৮টি মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, গাড়িতে থাকা সবাই মারা গেছেন।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান জানিয়েছেন, প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গাড়িতে থাকা ৮ জন মারা গেছেন। নিহতদের মধ্যে গাড়িতে থাকা আব্দুল মোতালেব নামে একজনের জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। সেই সূত্র ধরে অন্যদের ঠিকানা খোঁজা হচ্ছে। তবে প্রাইভেট কারটি কোথা থেকে এসেছিল, আর কোথায় যাচ্ছিল সেই তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহগুলো বর্তমানে পিরোজপুর সদর হাসপাতালে রাখা হয়েছে।

   

About

Popular Links

x