Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

নাম পরিবর্তন করে ৩ মাস পরে খুলেছে গাজীপুরের সাফারি পার্ক

৫ আগস্ট পার্কটির বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয়। লুটপাট করা হয় নানা সরঞ্জাম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ০৮:৩২ পিএম

জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ভাঙচুরের কারণে জীববৈচিত্র্যসমৃদ্ধ গাজীপুরের সাফারি পার্কটি বন্ধ ছিল দীর্ঘ ৩ মাস ১১ দিন। মেরামত কাজ পুরোপুরি শেষ না হলেও পর্যটন মৌসুম বিবেচনায় দর্শনার্থীদের উপযোগী করে পার্কটি খুলে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে এটি সকলের জন্য খুলে দেওয়া হয়। তবে “বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক”-এর নাম বদল করে “সাফারি পার্ক, গাজীপুর” নামে নতুন করে এটি যাত্রা শুরু করলো।

যদিও এর নাম পরিবর্তনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন পার্ক কর্তৃপক্ষ।

গত ৫ আগস্ট পার্কটিতে হামলা চালিয়ে মূল ফটক, শেখ মুজিবুর রহমানের মুরাল, প্রাণি জাদুঘর, পাখিশালা ও পার্ক অফিসসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয়। লুটপাট করা হয় নানা সরঞ্জাম। এমন বাস্তবতায় বন্ধ রাখা হয় এটি। টানা মেরামত কাজ করে খুলে দেওয়ার খবরে আসতে শুরু করেছেন বিনোদন প্রিয় ও প্রকৃতিপ্রেমী লোকজন।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, সেদিন পার্কে ভাঙচুর ও লুটপাটে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে। ফলে ওই দিনই অনির্দিষ্টকালের জন্য এটি বন্ধ ঘোষণা করা হয়। এরপর টানা সংস্কারকাজ চালানো হয়েছে। কিছু কাজ এখনো শেষ হয়নি। তবু দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো। বাকি চারটি বিভাগও শিগগিরই সংস্কারকাজ শেষে খুলে দেওয়া হবে। স্থানীয় লোকজনের দাবির প্রেক্ষিতে বর্তমানে এটির প্রস্তাবিত নাম হলো গাজীপুর সাফারি পার্ক।

তিনি বলেন, “এখন থেকে নিয়মিত খোলা থাকবে পার্কটি। পার্কের ফটকসহ বিভিন্ন অংশের ইজারা প্রক্রিয়াধীন। ইজারা চূড়ান্ত না হওয়া পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় পার্কের কার্যক্রম চলমান থাকবে। সাফারি পার্কের বন্ধ থাকা চারটি বিভাগ ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, প্রজাপতি কর্নার, ফেন্সি ডার্ক গার্ডেন ও শিশু পার্ক সংস্কারকাজ শেষে শিগগিরই খুলে দেওয়া হবে।”

   

About

Popular Links

x