Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মহাখালীতে অবরোধকারীদের ছোঁড়া পাথরে শিশুসহ ট্রেনের একাধিক যাত্রী আহত

মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০২:৩৫ পিএম

ঢাকার সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। ফলে আপাতত ঢাকা থেকে ট্রেন চলাচল বন্ধ আছে।

এদিকে অবরোধকারীদের ছোঁড়া পাথরে নারী ও শিশুসহ একটি ট্রেনের একাধিক যাত্রী আহত হয়েছেন। প্রাথমিকভাবে শিশু ও অন্যান্য আহতদের নাম জানা যায়নি। 

সোমবার (১৮ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে দেড় থেকে দুই হাজার শিক্ষার্থী তিতুমীর কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করে। মিছিলটি আমতলী মোড় হয়ে বেলা সাড়ে ১১টার দিকে মহাখালী রেলক্রসিং এলাকায় অবস্থান নেয়।

জানা গেছে, আন্দোলনের কারণে মহাখালী এলাকায় লাইনে ২টি আন্তঃনগর ট্রেন আটকে আছে। এর মধ্যে জামালপুরের তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকামুখী বনলতা এক্সপ্রেস।

এর আগে অবরোধের মধ্যে নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন উপকূল এক্সপ্রেস মহাখালী রেলক্রসিং অতিক্রম করার সময় শিক্ষার্থীরা সেটি থামানোর চেষ্টা করেন। কিন্তু ট্রেনটি না থামায় বিক্ষোভকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে ট্রেনের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত রেল ও সড়ক পথ অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। ফলে বনানীর সঙ্গে জাহাঙ্গীর গেট হয়ে ফার্মগেটের সড়ক পথে যান চলাচল বন্ধ রয়েছে। দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ সারি।

   

About

Popular Links

x