Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

নাটোর মহাশ্মশানে চুরি, হাত-পা বাঁধা প্রহরীর লাশ উদ্ধার

শনিবার মহাশ্মশানের ভোগঘরের বারান্দা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:২৯ পিএম

নাটোর শহরের কাশিমপুর কেন্দ্রীয় মহাশ্মশানের মন্দিরের তালা ভেঙে চুরি করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে পাহারাদার তরুণ কুমার দাসের (৬০) হাত ও পা-বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতের কোনো এক সময়ে তাকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। শনিবার মহাশ্মশানের ভোগঘরের বারান্দা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

তরুণ কুমার দাস পৌর এলাকার আলাইপুর মহল্লার বাসিন্দা। তিনি ২৫ বছর ধরে মহাশ্মশানের পাহারাদার ছিলেন। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহত তরুণের ছোট ভাই প্রদীপ কুমার দাস জানান, ২৫ বছর ধরে তার ভাই রাতে শ্মশান পাহারা দিতেন। এখানেই তিনি খাওয়া-দাওয়া করতেন।

তরুণের ছেলে তপু দাস বলেন, “আমার বাবা নিরীহ মানুষ ছিলেন। কারও সঙ্গে শত্রুতা ছিল না। কেউ তাকে মারবে, এটা আমরা কোনো দিন ভাবতেও পারিনি। যারা বাবাকে হত্যা করেছে, তাদের শাস্তি দাবি করছি।”

মন্দির কমিটির সভাপতি সুবল দাস বলেন, “শনিবার সকালে শশ্মানের গার্ড দুলাল চন্দ্র প্রামাণিক সেখানে গিয়ে মন্দিরের চুরি ও ধোপার লাশের বিষয়টি দেখে এসে আমাকে জানায়। পরে আমি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে আসে।”

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, “মন্দিরের গ্রিল কেটে বেশ কিছু কাঁসার বাসনপত্র চুরি করে নিয়ে গেছে। দেখে ফেলায় পাহারাদারকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। ঘটনাটি তদন্ত করে অপরাধীদের আটক করা হবে।”

তিনি আরও বলেন, “লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

   

About

Popular Links

x