Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

কৃষি বিশ্ববিদ্যালয় কর্মকর্তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

অফিস কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মৃতদেহ উদ্ধার করে পুলিশ

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৬:২৮ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোস্তাইন কবীর সোহেলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগে সোহেলের অফিস কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক শহীদুল ইসলাম জানিয়েছেন।

শহিদুল হক বলেন, “সোহেলের কক্ষ ভেতর থেকে লাগানো ছিল। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার লাশ উদ্ধার করে।”

জানা গেছে, ফ্যান ঝুলানোর রডের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি দেখতে পান তার সহকর্মীরা। পরবর্তীতে তারা কোতোয়ালি থানায় খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

মোস্তাইন কবীর সোহেল ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চরপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক ছিলেন।

সোহেলের বাবা আব্দুল মতিন সংবাদমাধ্যমকে বলেন, “আমার ছেলে ১৬ ডিসেম্বর বাড়িতে গিয়েছিল। তখন সে বলেছিল কিছুটা ঋণের চাপে আছে। কিন্তু এমন যে হবে সেটা কখনো ভাবিনি।”

পুলিশ জানায়, সোহেল যে টেবিলে উঠেছিলেন সেখানে তার জুতার ছাপও আছে। ধারণা করা হচ্ছে, সেই টেবিল থেকেই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছেন তিনি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, “তদন্ত চলছে। এটি আত্মহত্যা মনে হয়েছে। সুইসাইড নোট, মোবাইল আরও কিছু আলামত পেয়েছি। ময়নাতদন্তের পরই বিস্তারিত বলতে পারব।”

   

About

Popular Links

x