Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পাবনায় প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই

শহরের কেন্দ্রস্থলে লতিফ টাওয়ারের সামনে দুপুরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৭:৪৬ পিএম

পাবনা শহরের কেন্দ্রস্থলে আব্দুল হামিদ রোডের লতিফ টাওয়ারের সামনে থেকে রেজাউল করিম স্বপন নামের এক ব্যবসায়ীর ছয় লাখ টাকা ছিনতাই হয়েছে।

রবিবার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে তিনটার দিকে প্রকাশ্য দিবালোকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার রেজাউল করিম স্বপন পেশায় ঠিকাদার। তিনি সরদার স্বপন ট্রেডার্সের সত্ত্বাধিকারী ও শহরের লাইব্রেরি বাজার আটুয়া এলাকার মৃত মোশাররফ হোসেনের ছেলে।

ব্যবসায়ী রেজাউল করিম স্বপন জানান, রবিবার ত্রাণ অধিদপ্তরের টেন্ডার দাখিলের নির্ধারিত দিন ছিল। দুপুরে তিনি পাবনা শহরের অগ্রণী ব্যাংক প্রধান শাখা থেকে ব্যাংক ড্রাফট (বিডি) করার জন্য নগদ ছয় লাখ টাকা উত্তোলন করে শহরের আব্দুল হামিদ রোডের শহীদ চত্বর সংলগ্ন ট্রাফিক মোড়ের পাশে লতিফ টাওয়ারের নিচে আসলে ৮/১০ জন ছিনতাইকারী জটলা পাকিয়ে তার ব্যাগ কেটে টাকাগুলো বের করে নিয়ে সটকে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তিনি দেখতে পান ব্যাগ কাটা ও ভেতরে টাকা নেই। তিনি লতিফ টাওয়ারের স্ট্যান্ডার্ড ব্যাংকে বিডি করতে যাচ্ছিলেন।

পাবনা সদর থানার ওসি আব্দুল কুদ্দুস বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্তে কাজ করা হচ্ছে। আশা করছি অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা যাবে।”

   

About

Popular Links

x