Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

১০ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

দেশের অন্য স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৯:৫৫ পিএম

দেশের ১০টি জেলার ওপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে সেটি আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকবে। এদিকে, রাজধানীতেও অনুভূত হচ্ছে শীত। তাপমাত্রা কমছে প্রতিদিন। তীব্র শীতের প্রকোপ এখন দেশজুড়ে।

শুক্রবার (১০ জানুয়ারি) রাতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কয়েকটি এলাকায় অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টায় (৩ দিন) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আগামীকাল শনিবার (১১ জানুয়ারি) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের পশ্চিম ও উত্তর পশ্চিম অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও জানানো হয়েছে।

আবহাওয়া অফিস আরও জানায়, আগামী শনি ও রবিবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে তীব্র শীত থাকারও সম্ভাবনাও রয়েছে।

এদিকে, শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৭.৩ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

   

About

Popular Links

x