Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

রবিবার থেকে বাড়তে পারে তাপমাত্রা

শনিবার দেশের পাঁচ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১১:৫৬ এএম

পৌষ মাসের শেষ সময়ে হঠাৎ উষ্ণতা বেড়ে গিয়েছিল। দুই দিন ধরে আবার জেঁকে বসতে শুরু করেছে শীত। শুক্রবার দেশের ১০ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আজ শনিবার দেশের পাঁচ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে তাপমাত্রা আরও বেড়ে যাবে। ফলে শৈত্যপ্রবাহের বিস্তৃতি কমবে। তবে জানুয়ারির ১৫ তারিখ বা এরপর থেকে তাপমাত্রা আবার কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, পঞ্চগড়, গোপালগঞ্জ, কুড়িগ্রাম, মৌলভীবাজার ও যশোরে এই শৈত্যপ্রবাহ বইছে। এর মধ্যে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮.২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার এই এলাকায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭.৩ ডিগ্রি সেলসিয়াস। এটি ছিল এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা।

অন্য জেলাগুলোর মধ্যে গোপালগঞ্জ, কুড়িগ্রামের রাজারহাট ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। আর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।

যদি কোনো এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ৮.১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হয়, তবে সেই এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে বলে ধরা হয়। আর সর্বনিম্ন তাপমাত্রা ৬.১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৪.১ থেকে ৬ ডিগ্রি হলে তা তীব্র শৈত্যপ্রবাহ। আর অতি তীব্র শৈত্যপ্রবাহ তখনই হয়, যখন সর্বনিন্ম তাপমাত্রা হয় ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, “শৈত্যপ্রবাহের বিস্তৃতি কমছে। রবিবার থেকে তাপমাত্রা আরও বাড়বে। তবে আগামী ১৫ জানুয়ারির পর থেকে তাপমাত্রা আবার কমতে শুরু করতে পারে।”

   

About

Popular Links

x