সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে ‘‘লাল সন্ত্রাস’’ ঘোষণা দেওয়ায় ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সভাপতি মেঘমল্লার বসুকে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছে ঢাবির সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা মেঘমল্লার বসুকে ‘‘লাল সন্ত্রাসী’’ আখ্যা দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেন।
শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন।
বিক্ষোভ সমাবেশে বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ বলেন, “দেশে যখনই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় খেয়াল করলে দেখবেন তার পেছনে এই লাল সন্ত্রাসীদের হাত রয়েছে। তারা যুগ যুগ ধরে লাল সন্ত্রাসের ঘোষণা দিয়েছে এবং দিবালোকে মানুষকে হত্যা করেছে। তারা সেই লাল সন্ত্রাসকে পুনরায় কায়েম করতে চায়। এখন ডাকসু হলে ২টা ভোটও পাবে না, তাই আজকে তারা এমন সন্ত্রাস কায়েমের চেষ্টা করছে। যার ফলশ্রুতিতে তারা কেন্দ্রীয় লাইব্রেরির পাশের দেওয়ালে সিরাজ সিকদারের গ্রাফিতি এঁকেছে। কেউ যদি এমন সন্ত্রাসের চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বিষদাঁত ভেঙে ফেলবে।”
সমাবেশে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এ বি জোবায়ের বলেন, “এনসিটিবির ঘটনার পর একটা গ্রুপ অপরাধীদের বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে। সেদিন যাদের মদদে হামলা হয়েছে তারাই আজকে লাল সন্ত্রাসের ঘোষণা দিয়েছে। আজকে লাল সন্ত্রাসের ঘোষণা প্রকাশ্যে জঙ্গিবাদের ঘোষণা। যারা লাল সন্ত্রাসের ঘোষণা দিয়ে দেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি খারাপ করতে চাচ্ছে তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।”
সমাবেশ শেষে শিক্ষার্থীরা ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরি এলাকায় সিরাজ সিকদারের গ্রাফিতিতে জুতা নিক্ষেপ করেন এবং গ্রাফিতি মুছে ফেলেন।



