Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

দুই জেলায় বইছে শৈত্যপ্রবাহ, শীত বেড়ে যাওয়ার পূর্বাভাস

শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০১:০৬ পিএম

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে বেড়েছে শীতের অনুভূতি। এরমধ্যে উত্তরের ২ জেলা সিরাজগঞ্জ ও পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। একইসঙ্গে আগামী ২৪ ঘণ্টায় রাত-দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও আগামীকাল শনিবার রাতে সারাদেশে তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তর আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায়।

আবহাওয়া অধিদপ্তর বলছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থার করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, শনিবার তাপমাত্রা আজকের মতোই থাকতে পারে। তবে রবিবার থেকে তা আরও কমবে। এমন অবস্থা থাকতে পারে মঙ্গলবার পর্যন্ত। তারপর অবশ্য তাপমাত্রা বাড়তে পারে।

এতে আরও বলা হয়, আগামী ৩ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর আগামী ২৪ ঘণ্টা মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আর ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বাঘাবাড়িতেই ১০.৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস কমেছে সর্বনিম্ন তাপমাত্রা।

   

About

Popular Links

x