ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জ এলাকায় মহাসড়কে গাড়ি রেখে ঘুমিয়ে পড়েন চালক। পেছনের গাড়িগুলো আটকে পড়ে সৃষ্টি হয় যানজট। যানজটের মধ্যে পড়ে ঘুমিয়ে পড়েন পেছনের চালকরাও। এর ফলে মহাসড়কে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়।
শুক্রবার (২৪ জানুয়ারি) ভোররাতে এই ঘটনা ঘটে। পরে সকালে পুলিশ এসে চালকদের ঘুম থেকে জাগিয়ে যানজট নিরসনে কাজ শুরু করে।
স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের সূত্রে জানা গেছে, ভোর ৩টার দিকে অতিরিক্ত কুয়াশা পড়তে থাকে। এতে ঢাকামুখী যানবাহনগুলো সড়কের পাশে দাঁড়িয়ে পড়ে। যানবাহনের ভেতরে চালকরা ঘুমিয়ে যান। সড়কের কিছু অংশে ধীরগতিতে যান চলাচল করতে থাকে। এক পর্যায়ে পেছনের চালকরাও গাড়ি দাঁড় করিয়ে ঘুমিয়ে পড়েন। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এর ফলে মহাসড়কের কুটুম্বপুর থেকে গোমতা হয়ে ইলিয়টগঞ্জ বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে যানজট। পুলিশ বিষয়টি জানতে পেরে সকালে এসে চালকদের জাগাতে শুরু করে। ইলিয়টগঞ্জ থেকে কুটুম্বপুর পর্যন্ত পুলিশ চালকদের ঘুম ভাঙাতে থাকে।
হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক বলেন, “ভোর ৩টা থেকে যানজট সৃষ্টি হয়েছে। চালকরা সড়কে গাড়ি রেখে ঘুমিয়ে পড়েছেন। আমরা সড়কে এসে সবাইকে জাগালাম। অনেককে চিল্লাচিল্লি করে জাগাতে হয়েছে। এখন গাড়ি চলছে তবে কিছুটা যানজট রয়ে গেছে। আমরা কাজ করছি। আশা করি কিছুক্ষণের মাঝেই তা আর থাকবে না।”



