মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা শক্ত হাতে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, “অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন, আর যদি মব করেন, তাইলে আপনাদেরও ডেভিল (শয়তান) হিসেবে ট্রিট (গণ্য) করা হবে।”
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টা ৩৬ মিনিটে তার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা বলেন।
আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে ফেইসবুক পোস্টে তিনি বলেছেন, “কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে একবিন্দু ছাড় দেওয়া হবে না।”
“তৌহিদী জনতার” উদ্দেশে মাহফুজ বলেন, “অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন, আর যদি মব করেন, তাইলে আপনাদেরও ডেভিল (শয়তান) হিসেবে ট্রিট (গণ্য) করা হবে। আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না।”
১০ ফেব্রুয়ারি একুশে বইমেলায় “তৌহিদী জনতা” নাম দিয়ে একদল ব্যক্তি “সব্যসাচী প্রকাশনীর” ওপর চড়াও হয়। এ নিয়ে মেলা প্রাঙ্গণে উত্তেজনা তৈরি হলে ওই স্টলটি বন্ধ রাখা হয়। এরপর পুলিশ ওই প্রকাশককে নিরাপত্তা হেফাজতে নেওয়ার কথা জানায়। এর আগে ওই প্রকাশনীর কর্তৃপক্ষকে হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনার মধ্যে ফেসবুকে এমন পোস্ট দিলেন উপদেষ্টা মাহফুজ। এর আগেও মাজার ভাঙাসহ বিভিন্ন ঘটনায় তৈরি হওয়া “মব” বা বিশৃঙ্খল ঘটনার বিরুদ্ধেও পোস্ট দিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা মাহফুজ।



হাতজোড় করে ক্ষমা চাইলেন লেখক, বইমেলায় কিছুক্ষণের জন্য বন্ধ ‘সব্যসাচী’র স্টল