Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইবির বাস উল্টে পড়ে গেল ধান ক্ষেতে, আহত ৬ শিক্ষার্থী

কুষ্টিয়া থেকে শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পড়ে যায়

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৫ পিএম

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধান ক্ষেতে উল্টে অন্তত ৬ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া এলাকার দুর্ঘটনাটি ঘটেছে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় যাওয়ার পথে সকাল সাড়ে ১০টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধান ক্ষেতে পড়ে উল্টে যায়। এসময় পথচারী ও স্থানীয়রা বাস থেকে শিক্ষার্থীদের উদ্ধার করেন।

আহত শিক্ষার্থী মুন্না বলেন, “বাসটি দ্রুত চলছিল। ওভারটেক করতে গিয়ে খাদে পড়ে গেছে। বড় দুর্ঘটনা ঘটতে পারত। আমরা ফিটনেসবিহীন গাড়ি বাতিল চাই। সেই সঙ্গে ক্যাম্পাস থেকে কুষ্টিয়া পর্যন্ত রাস্তার বেহাল দশার সংস্কার চাই।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কয়েকজনের পায়ে কাচ ঢুকে গেছে। অপারেশনের প্রয়োজন হলে আমরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল-মামুন বলেন, “শিক্ষার্থীদের নিয়ে বাসটি কুষ্টিয়া শহর থেকে বিশ্ববিদ্যালয়ে উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে বিত্তিপাড়ার মাঠের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধান ক্ষেতে উল্টে যায়। এতে ৫/৬ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশের টিম কাজ করছে।”

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে বিত্তিপাড়ার মাঠের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধান ক্ষেতে উল্টে ৪/৫জন আহত হয়েছেন।

এদিকে, কুষ্টিয়ার মিরপুরে বাসের ধাক্কায় সেলিম হাড়া (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদরপুর ইউনিয়নের কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের কাতলামারী জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটেছে।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত কৃষক উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী বাজার পাড়া এলাকার মৃত সিরাজুল হাড়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে রাস্তা পার হওয়ার সময় কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি যাত্রীবাহী বাস সেলিমকে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, “কাতলামারী নামক স্থানে বাসের ধাক্কায় একব্যক্তি নিহত হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

   

About

Popular Links

x