Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

লালমাটিয়ায় চায়ের দোকানে দুই তরুণীর ধূমপান নিয়ে হুলস্থুল

মব থেকে উদ্ধার করে দুই তরুণীকে থানায় নিয়ে যায় পুলিশ। এরপর রাত সাড়ে ১১টার দিকে ছেড়ে দেওয়া হয়

আপডেট : ০২ মার্চ ২০২৫, ১১:২৮ এএম

ঢাকার মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকায় “প্রকাশ্যে ধূমপান” করার কারণে স্থানীয় বয়স্ক একজনের সঙ্গে ঝগড়ার পর দুই তরুণীকে থানায় নিয়ে যায় পুলিশ।

শনিবার (১ মার্চ) সন্ধ্যায় ওই দুই তরুণীকে থানায় নিয়ে যায় পুলিশ। এরপর রাত সাড়ে ১১টার দিকে দুই তরুণীকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ জানিয়েছে, রাজধানীর লালমাটিয়া এলাকায় “প্রকাশ্যে ধূমপান” করছিলেন ওই দুই তরুণী। এতে বয়স্ক এক ব্যক্তির “আপত্তি” থেকে “বাগ্‌বিতণ্ডা” ও মানুষ জড়ো হয়ে উত্তেজনা তৈরি হয়। ৪০-৫০ জনের একটি “মব” থেকে পরে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ওই দুই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে মোহাম্মদপুর থানায় প্রায় ৪ ঘণ্টা ধরে দুই পক্ষের “দেন-দরবারে আপসের” পর রাত সাড়ে ১১টার দিকে দুই তরুণীকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

ওই দুই তরুণী বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী। তারা ধানমন্ডি এলাকার বাসিন্দা।

ওই দুই তরুণীকে মোহাম্মদপুর থানায় নিয়ে যান উপ-পরিদর্শক (এসআই) কাদের আহমেদ। লালমাটিয়ায় আড়ংয়ের পাশের একটি চায়ের দোকানে এ ঘটনার সূত্রপাত জানিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চায়ের দোকানে বসে ওই দুই তরুণী চা ও সিগারেট খাচ্ছিলেন। তখন পাশ দিয়ে যাওয়া একজন বয়স্ক ব্যক্তি তাদের সিগারেট খাওয়া নিয়ে আপত্তি জানান এবং চলে যেতে বলেন। দোকানিকেও দোকান বন্ধ করতে বলেন। এ নিয়ে ওই ব্যক্তির সঙ্গে তরুণীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই ব্যক্তির গায়ে চা ছুঁড়ে মারেন একজন।”

কাদের আহমেদ আরও বলেন, “দুই তরুণীর দাবি, ওই ব্যক্তি অশ্রাব্য ভাষায় গালাগালি করায় তার ওপর চা ছুঁড়ে মারা হয়। পরে ওই ব্যক্তির সঙ্গে আরও কয়েকজন জড়ো হলে দুই তরুণী চলে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তখন আরও অনেক মানুষ জড়ো হয়ে তাদেরকে ধরে ফেলে। কেউ তাদেরকে মারতে চাইছিল, আবার কেউ তাদেরকে সেফ করতে চাইছিল।”

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার জুয়েল রানা। তিনি বলেন, “এ সময় ৪০-৫০ জনের একটা মব তৈরি হয়ে গিয়েছিল। পরে আমি থানায় খবর দিয়ে মহিলা ফোর্স এনে তাদের উদ্ধার করে নিয়ে আসি। খবর পেয়ে তাদের বাবা-মাও থানায় আসেন।”

এসআই কাদের বলেন, “এরপর বিষয়টি নিয়ে থানায় বসে দীর্ঘক্ষণ দুই পক্ষের আলোচনা হয়। দুইপক্ষই স্বীকার করে তাদের ভুল ছিল। এরপর তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন মর্মে একটা আপসনামায় স্বাক্ষর করার পর পরিবারের জিম্মায় দুই তরুণীকে ছেড়ে দেওয়া হয়।”

পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার জুয়েল রানা বলেন, “এক তরুণী ওই ব্যক্তির দিকে চা ছুড়ে মারলে ঝামেলা বেঁধে যায়। একপর্যায়ে দুইজন দৌড়ে পালানোর চেষ্টা করলে, অন্য আরও কয়েকজন মিলে তাদেরকে ধরে ফেলে। পরে খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।”

   

About

Popular Links

x