মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সীমান্তে চোরাকারবারিদের দ্বন্দ্ব নিয়ে সালিসে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জাবেল মিয়া (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার (১ মার্চ) সন্ধ্যায় উপজেলার শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাবেল মিয়া শরীফপুর ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় ও কুলাউড়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী নিশ্চিন্তপুর এলাকায় ভারত থেকে বাংলাদেশে আসা চোরাই মালামাল পরিবহন করা নিয়ে জাবের মিয়ার লোকজনের সঙ্গে শামীম মিয়ার লোকজনের বিরোধ চলে আসছিল। এই বিরোধ মিটমাট করতে শনিবার বিকেলে দুই পক্ষ নিশ্চিন্তপুরের একটি বাড়িতে সালিসে বসে। বাগ্বিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষের লোকজন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলে জাবেল মারা যান।
এছাড়া উভয় পক্ষের শামীম মিয়া, আক্তার মিয়া ও সিপন মিয়া আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ খবর পেয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম আপছার বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, চোরাকারবারিদের দুই পক্ষের দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জাবেলের মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”



‘মেয়াদোত্তীর্ণ কেক বিক্রি নিয়ে’ সমন্বয়ক-ব্যবসায়ীদের মারামারি, আহত ৯
মোটরসাইকেল সরাতে বলায় ঘুষি মেরে পুলিশ সদস্যের নাক ফাটালেন ছাত্রদল নেতা