Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

চলন্ত অবস্থায় গ্রিন লাইনের এসি বাসে আগুন

ঢাকা থেকে ১৯ জন যাত্রী নিয়ে বাসটি বরিশালের উদ্দেশ্যে যাত্রা করে

আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০১:৪৫ পিএম

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল ও সানুহার বাসস্ট্যান্ড এলাকায় চলন্ত অবস্থায় গ্রিন লাইন পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে সাড়ে ১০টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের দক্ষিণ বামরাইল এলাকায় এ ঘটনা ঘটে।

মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুর রহমান জানান, “যাত্রী নিয়ে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল গ্রিন লাইন পরিবহনের ওই এসি বাসটি। যান্ত্রিক ত্রুটির কারণে বাসে আগুন ধরে যায়। পরে বাসের চালক বাসটিকে মহাসড়কের পাশে রেখে যাত্রীদের নামিয়ে দেন। আগুনে বাসের ক্ষতি হলেও কোনো যাত্রীর ক্ষতি হয়নি।”

যাত্রীরা জানিয়েছেন, বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বাজার পার হওয়ার কিছুক্ষণ পরেই তারা পোড়া গন্ধ পান। যাত্রীরা চালক এবং সুপারভাইজারকে বিষয়টি জানালে, কর্মীরা বাসের ভেতরে এয়ার ফ্রেশনার ব্যবহার করে গন্ধ দূর করার চেষ্টা করেন। গন্ধ তীব্র হয়ে উঠলে বাসটি দক্ষিণ বামরাইলে থামান চালক। পরে যাত্রীরা বাসটি থেকে নেমে যান।

তবে এ ঘটনায় বেশিরভাগ যাত্রী তাদের লাগেজ হারিয়ে ফেলেছেন।

গৌরনদী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার বিপুল হোসেন ঢাকা ট্রিবিউনকে বলেন, “ঢাকা থেকে ১৯ জন যাত্রী নিয়ে বাসটি বরিশালের উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু পথে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায়। দ্রুত আগুন বাসটিতে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাসটি পুড়ে যায়।”

ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, “বাসে থাকা শুধু এক মহিলা যাত্রী ধোঁয়ার কারণে একটু অসুস্থ হয়েছিলেন। অন্যরা সুস্থ রয়েছেন। আগুন নেভানোর পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

   

About

Popular Links

x