ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ঢাকার আদাবর থানার শেখেরটেক এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার নাম বিধান চন্দ্র দাস।
শুক্রবার (৭ মার্চ) দুপুরের দিকে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। তিনি স্থানীয় একটি সেলুনের কর্মচারী।
বিষয়টি সংবাদমাধ্যম প্রথম আলোকে নিশ্চিত করেছেন আদাবর থানার কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল রানা।
তিনি বলেন, “অভিযোগ অনুসারে, বৃহস্পতিবার নাজমুল হাসান খন্দকার নামের এক ব্যক্তি শেখেরটেকের একটি সেলুনে চুল কাটাতে যান। এ সময় নানা বিষয়ে কথার এক পর্যায়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিধান কটূক্তি করেন বলে অভিযোগ নাজমুলের। শুক্রবার সকালে নাজমুল স্থানীয় একদল লোক নিয়ে ঘটনাস্থলে যান। পরে তারা আদাবর থানায় খবর দেন। দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিধানকে আটক করে আদাবর থানায় নিয়ে আসে।”
এসআই সোহেল রানা আরও বলেন, “আটকের পর বিধানের বিরুদ্ধে মামলা নেওয়ার দাবিতে স্থানীয় একদল লোক থানার সামনে অবস্থান নেন। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা নেওয়ার আশ্বাস দেন। তখন তারা থানাচত্বর ছেড়ে চলে যান।”
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে বিধানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।



