Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

খেলাফত যুব মজলিস: ঈদ মিছিলে মূর্তি-পৌত্তলিকতার অনুপ্রবেশ ঘটানো হয়েছে

সংগঠনটি বলছে, ঈদ নিছক কোনো সাধারণ উৎসব নয়, এটি ইবাদাতের অংশ

আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ০৯:৫১ পিএম

রাজধানী ঢাকায় ঈদ আনন্দ মিছিলে “মূর্তির ব্যবহার এবং পৌত্তলিকতার অনুপ্রবেশ” ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদও জানিয়েছে  সংগঠনটি।

বুধবার (১ এপ্রিল) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হুসাইন সই করা এক যৌথ বিবৃতিতে এসব কথা বলা হয়।

এতে বলা হয়, “ঈদ উৎসব এসেছে মক্কার পৌত্তলিকতার বিলুপ্তির মাধ্যমে ইসলামের বিজয়কে স্মরণ করিয়ে দিতে। সেই পবিত্র উৎসবে পৌত্তলিকতার ছোঁয়া লাগানো চরম অনৈসলামিক এবং ঈদের মূল চেতনার সম্পূর্ণ পরিপন্থি।”

বিবৃতিতে বলা হয়, “ঈদ নিছক কোনো সাধারণ উৎসব নয়। এটি ধর্মীয় উৎসব এবং ইবাদাতের অংশ। ঈদের আনন্দের মধ্যে শিরক প্রবেশ করানো স্পষ্টতই ইসলামের সাথে বিশ্বাসঘাতকতার শামিল।”

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নেতারা বিবৃতিতে বলেন, “বাংলার মুসলিম সংস্কৃতিতে ঈদের আনন্দ মিছিল থাকতে পারে, তবে তাতে ইসলামের বিধান এবং সংস্কৃতির পরিপন্থি কোনো কিছুই থাকা চলবে না।”

এ ধরনের কার্যকলাপ যেন ভবিষ্যতে আর না ঘটে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

   

About

Popular Links

x