রাজধানীর বংশালের নাজিম উদ্দিন রোডের পাঁচতলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় আমিন উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১৭ জন। আহতদের মধ্যে সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) দিবাগত রাত ৪টা ১০ মিনিটের দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট রাত ৪টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা খায়রুল ইসলাম রনি বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি এবং লালবাগ ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪০ মিনিট চেষ্টার পর ভোর ৪টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর আরও ২২ মিনিট চেষ্টা চালিয়ে ভোর ৫টা ১২ মিনিটের দিকে আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ঢামেকে চিকিৎসাধীন সাতজন হলেন, শাকিব (২২), মমতাজ (৫৫), বুলবুল (৩৭), শিল্পী (৪২), তালহান (০৪), ইকবাল (৪৭) এবং মুশপিকা (২৫)। তারা ১০৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ঢামেক সূত্রে জানা যায়, নিহত আমিন উদ্দিনের বাড়ি যশোরের শার্শা উপজেলায়। ওই ভবনের দ্বিতীয় তলায় একটি ফার্নিচার দোকানের ম্যানেজার ছিলেন।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহত আমিন উদ্দিনের ঢামেক হাসপাতাল মরদেহ মর্গে রাখা হয়েছে।



বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে জামায়াতের তিন কর্মী নিহত