Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ ঢাকার মার্কিন দূতাবাসের

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকার মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভ

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৫:৪৮ পিএম

ফিলিস্তিনের গাজায় সংঘাতের প্রতিক্রিয়ায় ঢাকাসহ সারাদেশে বিক্ষোভের কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

সোমবার (৭ এপ্রিল) ঢাকায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া পোস্টে এ পরামর্শ দেওয়া হয়েছে।

পোস্টে বলা হয়, “আজ সোমবার (৭ এপ্রিল ২০২৫) দিনব্যাপী বিক্ষোভ হতে পারে। গাজায় সংঘাতের প্রতিক্রিয়ায় ঢাকাসহ সারা দেশে গণবিক্ষোভে অংশ নেওয়া এবং প্রতিবাদ দেখানোর পরিকল্পনা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সম্ভাব্য যানজট ও দূতাবাস অভিমুখে প্রতিবাদ সমাবেশের কারণে ঢাকার মার্কিন দূতাবাস আজ সোমবার (৭ এপ্রিল) বিকেলের সেবা সীমিত করবে।”

পোস্টে আরও বলা হয়, “মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত। মনে রাখা উচিত, শান্তিপূর্ণভাবে করার উদ্দেশ্যে আয়োজিত বিক্ষোভগুলো সংঘর্ষে রূপ নিতে পারে। সহিংসতায় পরিণত হতে পারে।”

পোস্টে বলা হয়, “মার্কিন নাগরিকদের বিক্ষোভ এড়িয়ে চলা উচিত। যেকোনো বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করা উচিত।”

সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের পরামর্শ দিয়ে বলা হয়, “ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করুন। স্থানীয় ঘটনাবলিসহ আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকুন। হালনাগাদ তথ্যের জন্য স্থানীয় সংবাদমাধ্যমগুলো পর্যবেক্ষণ করুন।”

সতর্কবার্তায় কিছু করণীয় পদক্ষেপের উল্লেখ রয়েছে। এগুলো হলো—

  • ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলুন।
  • হালনাগাদ তথ্যের জন্য স্থানীয় গণমাধ্যম পর্যবেক্ষণ করুন।
  • ভিড় এড়িয়ে চলুন।
  • বিক্ষোভ এড়িয়ে চলুন।
  • জরুরি যোগাযোগের জন্য সর্বদা চার্জযুক্ত মোবাইল ফোন সঙ্গে রাখুন।

এ-সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য ঢাকায় মার্কিন দূতাবাসে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের কাছাকাছি কয়েকটি স্থানে একাধিক বিক্ষোভ মিছিল হয়েছে।

বেলা সাড়ে ১১টার দিকে গুলশানে মার্কিন দূতাবাস এলাকায় মিছিল বের করেন একদল তরুণ। মার্কিন দূতাবাসের সামনে সড়কে অবস্থান নেন তারা।

সকাল থেকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস এবং বাংলাদেশ নৌবাহিনী কলেজ, ঢাকার শিক্ষার্থীরা মার্কিন দূতাবাসের সামনের সড়কে অবস্থান নেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব এলাকায় ছিলেন পুলিশ সদস্যরা। সকাল থেকে মার্কিন দূতাবাসের সামনে অবস্থান নেন সেনা সদস্যরা।

   

About

Popular Links

x