Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পোল্যান্ডের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল ইসলাম

বুধবার সরকারি চাকরি থেকে তিনি স্বাভাবিক অবসরোত্তর ছুটিতে (এলপিআর) যান

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১০:২৭ পিএম

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামকে পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সুবিধাসহ তার অবসরোত্তর ছুটি (পিআরএল) স্থগিত করে তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) তাকে পোল্যান্ডের রাষ্ট্রদূত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার সরকারি চাকরি থেকে তিনি স্বাভাবিক অবসরোত্তর ছুটিতে (এলপিআর) যান। এখন তার অবসরোত্তর ছুটি স্থগিত করে পরবর্তী দুই বছরের জন্য তাকে রাষ্ট্রদূত করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিত করে, অন্য সব পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করার শর্তে ১০ এপ্রিল থেকে দুই বছরের জন্য ময়নুল ইসলামকে পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ৭ আগস্ট দ্বাদশ বিসিএস ব্যাচের কর্মকর্তা ময়নুল ইসলামকে আইজিপির দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ২০ নভেম্বর তাকে সরিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বাহারুল আলমকে আইজিপি নিয়োগ দেয় সরকার।

রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য গত বছরের ২৬ নভেম্বর ময়নুল ইসলামের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

   

About

Popular Links

x