Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

লিবিয়া থেকে ফিরলেন দেশে আরও ১৬৭ বাংলাদেশি

ভয়ংকর পথ পাড়ি দিয়ে অবৈধভাবে লিবিয়ায় না যাওয়ার অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০২:৩৩ পিএম

লিবিয়ায় অনিয়মিত অভিবাসী হিসেবে আটকেপড়া আরও ১৬৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

শুক্রবার (১১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর ৫টার দিকে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তাদের দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপলির বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় লিবিয়ার বেনগাজি ও আশেপাশের এলাকা থেকে দেশে ফিরতে ইচ্ছুক ১৬ জন এবং গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৫১ জনসহ মোট ১৬৭ জন অনিয়মিত বাংলাদেশিরা ফিরে এসেছেন।

এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম-এর কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

এই ফ্লাইটে প্রত্যাবাসিতদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের অধিকাংশই লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন।

ভয়ংকর পথ পাড়ি দিয়ে অবৈধভাবে আর কেউ যেন লিবিয়ায় না যায়, সে বিষয়ে সচেতন হওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময় সবাইকে অনুরোধ করেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসনকৃতদের প্রত্যেককে ছয় হাজার টাকা, খাদ্যসমগ্রী, চিকিৎসা সেবা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ত্রিপলীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

   

About

Popular Links

x