Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ

বর্তমানে ওই শিক্ষক মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০৮:০১ পিএম

মাগুরার শালিখা উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে ওই শিক্ষক মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যার দিকে শালিখা উপজেলার ছান্দড়া বাজারে হামলার এ ঘটনা ঘটে।

হামলায় আহত শিক্ষকের নাম মিজানুর রহমান। তিনি শালিখা উপজেলার ছান্দড়া প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বাজার করে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। এ সময় ছান্দড়া বাজার চৌরাস্তা এলাকায় তার গতি রোধ করেন স্থানীয় জাহাঙ্গীর মণ্ডল। কিছু বুঝে ওঠার আগেই কিলঘুষি মারতে থাকেন। এ সময় ইনসার সরদার নামে অপর ব্যক্তি গাছের ডাল ও লাঠি দিয়ে তাকে (মিজানুর রহমান) পেটাতে থাকেন। তখন তিনি দৌড়ে পালিয়ে বাঁচেন।

শিক্ষক মিজানুর রহমান বলেন, “আমার বাঁ হাতের হাড় ভেঙে গেছে। আমি একজন শিক্ষক। যারা আমার ওপর হামলা করেছে, তাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। কিন্তু কেন আমার ওপর হামলা করল, জানি না।”

মারধরের বিষয়ে জানতে চাইলে ইনসার সরদার বলেন, “তাকে (মিজানুর রহমান) মারিনি। একটু ঢেক্কাঢেক্কি হইছে। সে জাহাঙ্গীর মণ্ডল নামে একজনের গায়ের ওপর দিয়ে মোটরসাইকেল উঠায় দিছিল।”

ঘটনাটি বিদ্যালয়ের কমিটি ও পূর্বের আধিপত্যের জেরে ঘটেছে উল্লেখ করে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওলি মিয়া বলেন, “এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

   

About

Popular Links

x