রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত এক শিক্ষার্থী আহত হয়েছেন। এ অবস্থায় ঘটনার সূত্রপাত সম্পর্কে জানতে এবং ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টার পর দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ, পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে এই পরিস্থিতি চলে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা অঞ্চলের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম সাংবাদিকদের বলেন, “ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে এমন ঘটনা ঘটার জন্য কারণ লাগে না। মাঝে-মধ্যেই এ ধরনের ঘটনা ঘটছে। আজকের ঘটনা কেন ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”
তিনি বলেন, “বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। যানচলাচলও স্বাভাবিক। দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখন নিজ নিজ ক্যাম্পাসে অবস্থান করছেন।”
সংঘর্ষের সময় শিক্ষকদের ভূমিকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমরা শিক্ষকদের সহযোগিতা আমরা পেয়েছি। অনেকেই চেষ্টা করেছেন তাদের শিক্ষার্থীদের ফিরিয়ে নিতে। তবে শিক্ষক প্রতিনিধিদের সংখ্যা আরও বেশি হলে ভালো হয়। একজন বা কয়েকজন শিক্ষকের পক্ষে এত বড় সংঘর্ষ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে আমরা কাজ করব।”
এই সংঘর্ষে ইটের আঘাতে মো. জাফরি (১৭) নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহত হয়েছেন। দুপুর সাড়ে বারোটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আনা হয়।
আহত শিক্ষার্থীর সঙ্গে হাসপাতালে আসা ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, “সোমবার ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের মারধর করে। আজ সকালেও তারা ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে। এই খবর পেয়ে ঢাকা কলেজের বেশ কিছু শিক্ষার্থী একত্রিত হয়ে সায়েন্সল্যাবের দিকে যেতে চাইলে সিটি কলেজের শিক্ষার্থীরা ইট নিক্ষেপ করে। এতে জাফিরের কপালের ডান পাশে ইটের আঘাত লাগে।”



ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ