রাজধানীর ওয়ারী হিয়ার স্ট্রিট এলাকার একটি বাসা থেকে মো. মুঈদ (৩২) ও আইরিন আক্তার রত্না (৩০) নামে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ এপ্রিল) দিবাগতে রাতে খবর পেয়ে পাঁচতলার একটি ফ্লাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ দুটি একই বিছনায় ছিল বলে জানিয়েছে পুলিশ।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জানা গেছে, মুঈদ ক্যান্সারে আক্রান্ত ছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, স্বামীর মৃত্যুতে বিষণ্নতায় আত্মহত্যা করে থাকতে পারেন রত্না।
ওসি বলেন, “শনিবার রাতে খবর পেয়ে বাসা থেকে দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। মুঈদের মরদেহ পঁচে গেছে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। পাশে তার স্ত্রীর মরদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।”
ওই বাড়ির মালিক নুর হোসেন বলেন, “এই দম্পতি ৫-৬ বছর ধরে আমার ওখানে ভাড়া ছিলেন। এর মধ্যে দীর্ঘদিন যাবত মুঈদ অসুস্থ শুনেছি। এ কারণে গত আগষ্ট মাস থেকে তারা ভাড়া দিতে পারছিল না। এরই মধ্যে ফোনে কথা হয়েছিল, তারা জানিয়েছিল, গত বৃহস্পতিবার ভাড়া নিতে যাওয়া জন্য। পরে তাদের ফোন দিচ্ছিলাম কিন্তু তারা রিসিভ করছিল না। পরে কোনো উপায় না পেয়ে ঐ বাসায় গিয়ে দেখতে পাই, দরজা লাগানো ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে, পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে তাদের মৃতদেহ দুটি উদ্ধার করেন।”
জানা গেছে, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াজি বাড়ির জয়নাল আবেদীন এর মেয়ে আইরিন আক্তার রত্না। তার স্বামী একই জেলার তিতাস উপজেলার আড়াই কান্দি গ্রামের মো. মুসার ছেলে।



