Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

হাতিরপুল থেকে ‘মানসিক ভারসাম্যহীন’ ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির বাড়ি ময়মনসিংহের কোতোয়ালি থানার কাউনিয়ায়

আপডেট : ০৮ মে ২০২৫, ০৩:০১ পিএম

নিখোঁজের দুই দিন পর ঢাকার হাতিরপুল এলাকার পুকুরপাড়ের একটি গলি থেকে “মানসিক ভারসাম্যহীন” এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) সকালে শাহিন রহমান ওরফে আশু (৪২) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মো. এমরুল কবির।

পুলিশ জানিয়েছে, শাহিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের কোতোয়ালি থানার কাউনিয়ায়। বাবার নাম আবেদ আলী।

স্বজনদের বরাত দিয়ে মো. এমরুল কবির বলেন, “শাহিন টঙ্গী এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। তার স্ত্রী সেখানে একটি পোশাক কারখানায় চাকরি করেন। মঙ্গলবার শাহিন বাসা থেকে নিখোঁজ হন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করে তার সন্ধান না পাওয়ায় পরদিন বুধবার পরিবারের পক্ষ থেকে টঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।”

পুলিশের এই কর্মকর্তা জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে টহলের সময় স্থানীয় বাসিন্দারা তাকে খবর দেন, হাতিরপুল পুকুরপাড়ে (ফ্রি স্কুল স্ট্রিট) এক ব্যক্তির লাশ পড়ে আছে। পরে আইনি প্রক্রিয়া শেষে সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।”

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এছাড়া অন্য কোনো কারণ আছে কি-না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।

   

About

Popular Links

x